Advertisement
E-Paper

সুন্দরবনের ১৯টি ব্লকের বাসিন্দাদের জন্য চালু হচ্ছে হেল্পলাইন, এক ফোনেই জানানো যাবে বিভিন্ন অভিযোগ

সুন্দরবনের ১৯টি ব্লকের বাসিন্দারা বিভিন্ন সমস্যায় পড়লে ওই নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ জানাতে পারবেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১৩:৩২

—ছবি: সংগৃহীত।

সুন্দরবনের বাসিন্দাদের সমস্যা ও অভিযোগের কথা সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে হেল্পলাইন চালু করতে চলেছে সুন্দরবন উন্নয়ন দফতর। এই প্রথম এমন উদ্যোগ বলে দফতর সূত্রে খবর। হেল্পলাইন নম্বরটি হল ১৮০০-৩৩৩-২০২৬। সুন্দরবনের ১৯টি ব্লকের বাসিন্দারা বিভিন্ন সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ নথিভুক্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তা সংশ্লিষ্ট দফতরে পাঠানোর ব্যবস্থাও থাকছে।

সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানার বিধানসভা কেন্দ্র কাকদ্বীপে ইতিমধ্যেই এই হেল্পলাইন পরিচালনার জন্য কন্ট্রোল রুমের আদলে পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি, সেখানে চালু হয়েছে দফতরের ক্যাম্প অফিসও। প্রশাসনিক সূত্রের খবর, হেল্পলাইনে ফোন এলে অভিযোগকারীর পরিচয়, তিনি কোথা থেকে ফোন করছেন এবং কী ধরনের সমস্যা বা অভিযোগ জানাচ্ছেন, সেই সমস্ত তথ্য নথিভুক্ত করা হবে। সুন্দরবন উন্নয়ন দফতরের আওতার বাইরে কোনও অভিযোগ এলে তা সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হবে, যাতে সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়। প্রশাসনিক আধিকারিকদের মতে, সুন্দরবনের বহু বাসিন্দার পক্ষে বিভিন্ন সরকারি দফতরে গিয়ে অভিযোগ জানানো সহজ নয়। অনেকে দফতরে গিয়ে নিজেদের সমস্যার কথা জানাতে সংকোচও বোধ করেন। তাঁদের কথা মাথায় রেখেই ফোনের মাধ্যমে অভিযোগ জানানোর এই ব্যবস্থা চালুর উদ্যোগ। এর ফলে প্রত্যন্ত এলাকার বাসিন্দারাও বাড়িতে বসে নিজেদের সমস্যার কথা প্রশাসনকে জানাতে পারবেন। বিশেষত, যোগাযোগের অসুবিধার কারণে যাঁরা সরাসরি দফতরে পৌঁছতে পারেন না, তাঁদের কাছে এই হেল্পলাইন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রাথমিক পরিকল্পনা ছিল, দুর্গাপুজোর আগেই হেল্পলাইনটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে। কিন্তু নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখন হেল্পলাইনটি চালুর বিষয়ে প্রশাসন উদ্যোগী হচ্ছে বলে জানা গিয়েছে। সুন্দরবনের ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের সীমাবদ্ধতার কারণে এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া বরাবরই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে নতুন এই উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে অভিযোগ গ্রহণের পাশাপাশি দ্রুত নিষ্পত্তির উপরেও। সুন্দরবন উন্নয়ন দফতরের দাবি, এই ধরনের উদ্যোগ সুন্দরবনবাসীর জন্য আগে করা হয়নি। এই হেল্পলাইন নম্বরটি পুরোদমে চালু হয়ে গেলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু অজানা সমস্যা দ্রুত মেটানো সম্ভব হবে।

Sundarban Helpline Number

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy