পুর নিয়োগ দুর্নীতির মামলায় দক্ষিণ দমদম পুরসভার পরে এ বার সিবিআইয়ের পাখির চোখ কামারহাটি পুরসভা।
ইডি-র মামলায় দক্ষিণ দমদমের প্রাক্তন উপ-প্রধান তথা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সম্প্রতি ওই পুরসভার আরও এক প্রাক্তন উপ-প্রধান নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা।
সিবিআই সূত্রের দাবি, দক্ষিণ দমদমের পরে কামারহাটি পুরসভায় মন্ত্রী, পুরপ্রতিনিধি বা নেতাদের সুপারিশ অনুযায়ী বেআইনি নিয়োগ হয়েছিল বলে তথ্য মিলেছে। ইতিমধ্যেই কয়েক জন তেমন কর্মীকে তলব করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বেআইনি পদ্ধতিতে নিয়োগ করে অযোগ্য, অপ্রাপ্তবয়স্কদেরও চাকরির ব্যবস্থা করা হয়েছিল। সেই রকম কয়েকটি প্রমাণ মিলেছে। যার ভিত্তিতে চাকরিপ্রার্থী এবং তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই পুরসভায় বেআইনি নিয়োগে জড়িতদের তলব করা হবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই কামারহাটির বিধায়ক মদন মিত্র, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে ওই একই মামলায় ইডি জিজ্ঞাসাবাদ করেছে। মদন মিত্রের একাধিক বাড়ি ও অফিস এবং তাঁর ঘনিষ্ঠ একটি ক্লাবের এক মালিকের বাড়ি-অফিসেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।