আবার বারুইপুর! এ বার বাড়ি থেকে পালিয়ে আসা এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মেয়েটিকেও।
স্থানীয় সূত্রে খবর, বারুইপুর থানার শাসন এলাকায় ভাড়াবাড়িতে এক নাবালিকাকে নিয়ে গিয়েছিলেন সামাদ আলি নামে এক যুবক। মেয়েটিকে ওই বাড়িতে সামাদ ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ কয়েক জন প্রতিবেশীর। তাঁরা সামাদকে হাতেনাতে ধরেছেন বলে দাবি করেছেন। ওই নিয়ে এলাকায় হুলস্থুল শুরু হয়। খবর যায় বারুইপুর থানার পুলিশের কাছে। তারা এসে দু’জনকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এলাকায়। বাড়িতে ঝগড়া করে বেরিয়ে এসেছিল সে। প্রথমে ট্রেনে চেপে শিয়ালদহ স্টেশনে চলে আসে। সেখানেই অভিযুক্তের সঙ্গে তার পরিচয়। খাবারের লোভ দেখিয়ে মথুরাপুরের বাসিন্দা সামাদ মেয়েটিকে তাঁর সঙ্গে নেন। ট্রেনে চেপে তাঁরা বারুইপুরের শাসন এলাকায় যান। সেখানে সামাদ একটি ভাড়াবাড়িতে থাকতেন।
আরও পড়ুন:
অভিযুক্ত যুবককে মঙ্গলবারই বারুইপুর আদালতে হাজির করানো হচ্ছে। পাশাপাশি মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দিয়েছে বারুইপুর থানার পুলিশ।