পুরনো বিবাদের জেরে গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল জগদ্দলে। মৃতের নাম রাজেশ তিওয়ারি (৪৯)। তিনি জগদ্দলের তিনসুকিয়া লেনের বাসিন্দা ছিলেন। প্রকাশ্য রাস্তায় এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদ সিকান্দার ওরফে কারু নামে এলাকারই পরিচিত এক ব্যক্তির সঙ্গে রাজেশের দীর্ঘদিনের শত্রুতা ছিল। অভিযোগ, সেই বিরোধের জেরেই রাজেশের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন কারু। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় রাজেশকে উদ্ধার করে তড়িঘড়ি ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, খুনের ঘটনার পরেই অভিযুক্ত কারু সটান জগদ্দল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে।
প্রাথমিক তদন্তে পুরনো শত্রুতার বিষয়টি সামনে এলেও, খুনের প্রকৃত কারণ নিয়ে অন্য তত্ত্বও উঠে আসছে। স্থানীয় বিজেপি নেতা প্রিয়ঙ্গু পাণ্ডের দাবি, অভিযুক্ত কারুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন রাজেশ। সেই পাওনা টাকা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। রাজেশের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ ছিল বলেও খবর।
পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। আর্থিক লেনদেনের বিবাদ নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই অপরাধের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা-ও তদন্ত করে দেখছে জগদ্দল থানার পুলিশ।