তোলাবাজি এবং বেআইনি জমি দখলের অভিযোগে এ বার গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ এক ব্যক্তি। পানিহাটি পুরসভার কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। ঘটনাচক্রে, শনিবারই আচমকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর বৈঠকে দেখা যায় নির্মলকে।
হিমাংশু পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অনেক দিনের। রাজ্যে পালাবদলের পর সেই হিমাংশুর বিরুদ্ধে খড়দহ থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। তোলাবাজি ছাড়াও বেআইনি ভাবে জমি দখল করার অভিযোগও রয়েছে ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, রাজ্যে বিজেপির সরকার তৈরি হওয়ার পর থেকেই এলাকাছাড়া ছিলেন হিমাংশু। তবে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, তাঁর প্রচুর পরিমাণ অবৈধ সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির স্থানীয় যুব নেতা জয় সাহা বলেন, ‘‘এরা পানিহাটির খুচরো পাপ। যেখান থেকে পারত পয়সা তুলে নির্মল ঘোষের কাছে পাঠাত। আরও আগে গ্রেফতার করা উচিত।’’ নাম না-করে নির্মলের গ্রেফতারির দাবিও তুলেছেন তিনি। তাঁর কথায়, ‘‘চুনোপুটিদের সাফাই অভিযান চলছে। খুব শীঘ্রই আসল কালপিট মামার বাড়ি যাবে।’’
আরও পড়ুন:
সম্প্রতি লটারি মামলায় নাম জড়িয়েছে নির্মলের। আরজি কর মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। আর তার পর থেকেই একে বারে অন্তরালে চলে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক। শনিবার সেই নির্মলকে ঋতব্রতদের বৈঠকে দেখা গেল। যদিও ঋতব্রত শিবিরের দাবি, নির্মলকে তারা ডাকেনি। তিনি নিজেই এসেছিলেন। বৈঠকে ছিলেন না। নির্মলকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।