এ বার গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাঁকে পাকড়াও করল খড়দহ থানার পুলিশ। এ বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর।
তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে পিতা-পুত্রের বিরুদ্ধে। খড়দহ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়। সেই থেকেই প্রাক্তন বিধায়ক এবং তাঁর পুত্রকে খুঁজছিল পুলিশ। মাঝে বেশ কয়েক দিন তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর বৈঠকস্থলে দেখা যায় পানিহাটির প্রাক্তন বিধায়ককে। তার পর থেকেই নির্মলদের গ্রেফতারির দাবি উঠতে শুরু করে। রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ এবং পানিহাটির বিধায়ক তথা আরজি করে নির্যাতিতার মা-ও এ বিষয়ে সরব হন।
এরই মধ্যে রবিবার গভীর রাতে গ্রেফতার হলেন নির্মল-পুত্র তীর্থঙ্কর। তবে ঠিক কোন মামলায় তীর্থঙ্করকে গ্রেফতার করা হয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। সম্প্রতি তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগে নাম জড়িয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক এবং তাঁর পুত্রের। দু’বছর আগে এক ব্যক্তির কাছ থেকে লটারির টিকিট আত্মসাতেরও অভিযোগ ওঠে দু’জনের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির টিকিট কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে পিতা-পুত্রের বিরুদ্ধে।
আরও পড়ুন:
রবিবারই তোলাবাজি এবং বেআইনি জমি দখলের অভিযোগে খড়দহ থানার পুলিশের হাতে গ্রেফতার হন ‘নির্মল-ঘনিষ্ঠ’ হিমাংশু দেব। তিনি পাটিহাটি পুরসভার কাউন্সিলর। ঘটনাচক্রে, তার পরের দিনই পাকড়াও হলেন নির্মলের পুত্র।
খাতায়কলমে নির্মল এখনও রয়েছেন কালীঘাট-তৃণমূল শিবিরেই। গত শনিবার ঋতব্রত-তৃণমূলের বৈঠকস্থলে তাঁকে দেখা গেলেও পরে ঋতব্রত দাবি করেন, নির্মলকে ডাকা হয়নি। তিনি নিজেই গিয়েছিলেন সেখানে। নির্মল তাঁদের বৈঠকেও ছিলেন না। তাঁকে নিজেদের শিবিরে নেওয়া হবে কি না, সে বিষয়েও কোনও সিদ্ধান্ত তখনও হয়নি বলে জানান ঋতব্রত।
নির্মল-পুত্রের গ্রেফতারির পর পানিহাটির বিধায়ক বলেন, “নির্মল ঘোষের ছেলে গ্রেফতার হয়েছে। নির্মল ঘোষ এখনও গ্রেফতার হয়নি। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এ বার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই।”নির্মল-পুত্রের গ্রেফতারির পর পানিহাটির বিধায়ক বলেন, “নির্মল ঘোষের ছেলে গ্রেফতার হয়েছে। নির্মল ঘোষ এখনও গ্রেফতার হয়নি। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এ বার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই।”