রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, নতুন জেলা হতে চলেছে সুন্দরবন। বিগত সরকারও একাধিকবার সুন্দরবনকে আলাদা জেলা তৈরির কথা ঘোষণা করলেও বাস্তবে তা হয়নি। তবে বর্তমান সরকার এ বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা এ বিষয়ে বৈঠক করতে বুধবার আসেন ক্যানিংয়ে মহকুমাশাসকের দফতরে। সুন্দরবন উন্নয়ন দফতরের আধিকারিক-সহ ক্যানিংয়ের মহকুমাশাসক, মহকুমার চার বিডিও, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক, বন দফতরের আধিকারিক-সহ অন্যান্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। মৎস্যজীবীদের দীর্ঘদিন ধরে চলে আসা বিএলসি বা মাছ ধরার অনুমতিপত্র প্রদান সংক্রান্ত সমস্যার সমাধানও করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী পরে বলেন, ‘‘যেহেতু সুন্দরবন জেলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তাই তাঁর নির্দেশেই সুন্দরবনের প্রতিটি ব্লক ঘুরে, মহকুমা ঘুরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করছি। যে যে সমস্যাগুলি রয়েছে, তা বোঝা ও সমাধানের চেষ্টা করছি।’’ তবে সুন্দরবন আলাদা জেলা হলে তার সদর কোথায় হবে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে।’’