দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম সংলগ্ন ২ নম্বর স্নানঘাটের কাছে সমুদ্রে সৃষ্টি হল এক শক্তিশালী জলের টর্নেডো (ওয়াটার স্প্রাউট)। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আচমকাই গোটা এলাকা কালো মেঘে ঢেকে যায়। এর পর ৯টা ৩০ মিনিটে স্থানীয়েরা দেখতে পান সমুদ্রের জল শূন্যে উঠতে শুরু করেছে। এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে। সকলকে সৈকত থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয় স্থানীয় প্রশাসনের তরফে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ৪-৫ মিনিট ধরে চলে টর্নেডো। এই ভয়াবহ প্রাকৃতিক দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন স্নানঘাটে উপস্থিত পুণ্যার্থী, পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করেন। তবে আশার কথা, এই ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সৈকত সংলগ্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।
গত জুনে এ রকমই টর্নেডোর সাক্ষী থেকেছিল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মহিষমারী এলাকা। হুগলি নদীর উপরে জোড়া টর্নেডোর কারণে দু’টি ঘূর্ণায়মান জলস্তম্ভের সৃষ্টি হয়। সেখানেও গঙ্গাসাগরের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রথমে কালো মেঘে ঢেকে যায় এলাকা। তার পরই জোড়া টর্নেডোর সৃষ্টি হয়।