হৃৎস্পন্দনের ছন্দ ফেরাতে পেসমেকার বসানো হল বিমান বসুর বুকে। ৮৭ বছরের বামফ্রন্ট চেয়ারম্যান বর্তমানে দিল্লির এমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস)-এ চিকিৎসাধীন।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শনিবার জানিয়েছেন যে দিল্লির এমসে প্রবীণ বামনেতার বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন। উদ্বেগের কোনও কারণ নেই।
আরও পড়ুন:
সেলিম জানান, বিমান বসুর সঙ্গে আপাতত দেখা-সাক্ষাৎ করতে চিকিৎসকরা নিষেধ করেছেন। সিপিএমের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন বিমান। যাত্রাপথেই বিমানের মধ্যে তিনি সামান্য অসুস্থতা অনুভব করেন। দিল্লি বিমানবন্দরে পৌঁছোনোর পর তাঁকে সরাসরি দলের দিল্লির দফতর একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর প্রাথমিক শারীরিক পরীক্ষার পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে দিল্লির এমসে ভর্তি করা হয়।