৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছে দেশটির একটি ফেডারেল আদালত। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গস এ সংক্রান্ত রায় ঘোষণা করে বলেন, ‘‘বিদেশসচিব মার্কো রুবিয়ো আইনগত এক্তিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি ঘোষণা করেছিলেন।’’
চলতি বছরের জানুয়ারি মাসে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার কথা ঘোষণা করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। বিদেশসচিব রুবিয়ো জানিয়েছিলেন, সংশ্লিষ্ট দেশের নাগরিকদের অনির্দিষ্ট কালের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে। ওই ঘোষণার আগেই লক্ষাধিক ভিসা বাতিল করার কথাও ঘোষণা করেছিল হোয়াইট হাউস। ৭৫টি দেশের তালিকায় ভারতের পড়শি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, নেপাল এবং ভুটানের নাম ছিল। ছিল রাশিয়া, ইরান, ইরাক, ইয়েমেন, মিশর, এমনকি তাইল্যান্ড, ব্রাজিল, বেলারুশ, বসনিসা-হার্জেগোভিনার নামও।
আরও পড়ুন:
কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প সরকার? হোয়াইট হাউসের লিখিত বিবৃতিতে বলা হয়েছিল— ‘‘ওই সমস্ত দেশের অভিবাসীরা অন্যায় ভাবে মার্কিন নাগরিকদের জনকল্যাণে ভাগ বসান। তাই নতুন অভিবাসীরা মার্কিন নাগরিকদের সম্পদ হরণ করবেন না— এটা নিশ্চিত না- করা পর্যন্ত ভিসার স্থগিতাদেশ বহাল থাকবে।’’ ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেটের বক্তব্য, আমেরিকার আইনে অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়া বিবেচনার ক্ষেত্রে বিদেশসচিব এবং তাঁর দফতরের ক্ষমতা স্পষ্ট ভাবে নির্ধারিত। এক্তিয়ার বহির্ভূত পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের কোনও পরিসর সেখানে নেই। প্রসঙ্গত, গত নভেম্বরে ট্রাম্প নিজে ঘোষণা করেছিলেন যে, তিনি আমেরিকার স্বার্থে তৃতীয় বিশ্বের সমস্ত দেশের নাগরিকদের জন্য অভিবাসনের দরজা স্থায়ী ভাবে বন্ধ করে দেবেন।