ব্যক্তিগত তথ্য, তদন্ত সংক্রান্ত প্রশ্ন সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের গোপনীয়তার অধিকার দাবি করেছেন তিনি। অভিযোগ, তদন্ত চলাকালীন তাঁর গোপনীয় তথ্য, তদন্তের অগ্রগতি এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া হচ্ছে। এতে এক দিকে যেমন তদন্ত প্রভাবিত হচ্ছে, তেমনই তাঁর সুনাম, মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার স্মরণ করিয়ে দিয়ে আদালতের কাছে এই ধরনের সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠেছিল। কিন্তু বিচারপতি রাও এই মামলা শুনতে চাননি। মামলা ছেড়ে দিয়ে তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মামলাটি খারিজ করবেন না তিনি। এখানে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে। তাই উপযুক্ত বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত।
আরও পড়ুন:
রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কখনও পুলিশ, কখনও সিআইডি-র মুখোমুখি হয়েছেন তিনি। ঘণ্টার পর ঘণ্টা তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থাগুলি। অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা ভিতরে তাঁকে কী কী প্রশ্ন করেছেন, তা পরবর্তী কালে বাইরে ফাঁস হয়ে গিয়েছে। অনেক সংবাদমাধ্যমেই সেই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত ১১ জুন ভবানী ভবনে অভিষেককে তদন্তকারীরা কী প্রশ্ন করেছিলেন, তা-ও সংবাদমাধ্যমে বেরিয়ে গিয়েছে বলে কালীঘাট তৃণমূলের সাংসদের দাবি।
আদালতে অভিষেকের আইনজীবী জানিয়েছেন, তদন্তের বিষয়ে সংবাদমাধ্যমে অনুমাননির্ভর, চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তাঁর মক্কেলের বিদেশযাত্রা, ব্যক্তিগত ও বৈবাহিক জীবন নিয়ে এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিতই নয়। ফলে অভিষেকের ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা এবং সুনামের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও সাড়া দেয়নি আদালত। বিচারপতি রাও মামলা ছেড়ে দেওয়ার পর অন্য বেঞ্চে এর শুনানি হতে পারে।