Advertisement
E-Paper

এ বার নতুন বিতর্কে অভিষেক! ৫২ বিঘা সরকারি জমি-জলাশয় ঘিরে অনিয়মের অভিযোগ জমা পড়ল মহেশতলা থানায়

‘সেবাশ্রয়’, করোনা পরীক্ষাকেন্দ্রের পর এ বার জমি সংক্রান্ত বিতর্কে জড়াল অভিষেকের নাম। ডায়মন্ড হারবারে ৫২ বিঘা সরকারি জমি ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিষেকেরও যোগ রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৬:২০
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

এ বার সরকারি জমি ঘিরে বেনিয়মের অভিযোগে নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগকারী বিজেপি নেতা সেই অভিজিৎ দাস (ববি)। তাঁর দাবি, মহেশতলার জিনজিরা বাজার এলাকায় সরকারি জমি বেআইনি ভাবে হস্তান্তর করা হয়েছে। জলাশয় ভরাট করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। এ বিষয়ে মহেশতলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এই বেনিয়মে ডায়মন্ড হারবারের সাংসদের যোগ রয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার।

অভিজিতের দাবি, ডায়মন্ড হারবারের জিনজিরা বাজার এলাকায় প্রায় ৫২ বিঘা সরকারি লিজ়প্রাপ্ত জমি ঘিরে অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগ, ওই জমি ১৯৬৮ সালে এক সংস্থাকে ৯৯ বছরের জন্য লিজ় দেওয়া হয়েছিল। শর্ত ছিল— সেখানে কারখানার সম্প্রসারণ হবে, স্থানীয় যুবকদের বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে এবং চাকরির সুযোগ দেওয়া হবে। কিন্তু ২০১৬ সালে সরকারি অনুমোদন ছাড়াই প্রশিক্ষণ সংক্রান্ত শর্ত বাতিল করে জমিটি বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তোলা হয় বলে অভিযোগ।

অভিযোগকারীর দাবি, ওই জমিতে ১১টি জলাশয় নথিভুক্ত ছিল। কিন্তু ২০১৮-১৯ সালে জমির চরিত্র বদলের ভুয়ো মেমো তৈরি করে ওই জলাশয়গুলিকে ‘বাস্তু’ জমিতে রূপান্তর করা হয়। পরবর্তী সময়ে সেখানে লজিস্টিক পার্ক নির্মাণ হয় বলে অভিযোগ।

এ সব ঘটনায় বেসরকারি সংস্থা, সরকারি আমলা এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও যোগ থাকতে পারে বলে মনে করছেন অভিজিৎ। পুরো বেনিয়মের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের নামোল্লেখ করেছেন। পদমর্যাদার প্রভাব খাটিয়ে এই ঘটনায় পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে মদত দেওয়া হয়ে থাকতে পারে বলে দাবি অভিযোগকারীর। এ অবস্থায় পুলিশকে গোটা বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তিনি।

এর আগেও অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন অভিজিৎ। অভিষেকের তত্ত্বাবধানে ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে অনিয়মের অভিযোগে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তা খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবনও। এরই মধ্যে সোমবার অভিজিৎ অভিযোগ তোলেন, করোনাকালে কোভিড পরীক্ষার নামেও ডায়মন্ড হারবারে অনিয়ম হয়েছে। তাঁর দাবি, অভিষেকের প্রত্যক্ষ নেতৃত্বে ওই কোভিড পরীক্ষার কর্মসূচি আয়োজিত হয়েছিল। এ নিয়ে সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগও জানান তিনি।

Abhishek Banerjee Diamond Harbour Maheshtala

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy