Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গে একটানা তৃতীয় বার সংগঠন সম্পাদক পদে অমিতাভ! দিল্লিতে সন্তোষের সহযোগী বৃদ্ধি হলেও রাজ্যে দায়িত্ব একহাতেই

পশ্চিমবঙ্গের সংগঠন সম্পাদক পদে অমিতাভ চক্রবর্তীর পুনর্নিযুক্তি যে হবে, তা প্রায় নিশ্চিতই ছিল। কারণ, কোনও রাজ্যে এই পদে রদবদল ঘটাতে হলে আগে যুগ্ম সংগঠন সম্পাদক হিসেবে কাউকে আনা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬
Amitabha Chakraborty continues to stay as Bengal BJP OGS, BL Santosh gets one more Joint OGS at central level

অমিতাভ চক্রবর্তী। —ফাইল চিত্র।

তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) নিযুক্ত হলেন অমিতাভ চক্রবর্তী। একটানা তৃতীয় বারের নিযুক্তি ছাড়াও সাংগঠনিক বিষয়ে অমিতাভের উপরে ‘আস্থা বৃদ্ধি’র আভাসও দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত কয়েক বছর ধরে অমিতাভের পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবে পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক কাঠামো দেখভাল করছিলেন সতীশ ঢোন্ড। তাঁকে মহারাষ্ট্রে সরিয়ে দিয়ে এ রাজ্যের সংগঠনের পূর্ণ দায়িত্ব অমিতাভকেই দিল দিল্লি।

বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে কেন্দ্রীয় স্তরের এবং বিভিন্ন রাজ্যের সংগঠন সম্পাদকদের নতুন তালিকা অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দলের তরফ থেকে সে তালিকা প্রকাশ্যে আনা হয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) পদে যে বিএল সন্তোষই থাকছেন, তা সভাপতি নিতিন নবীনের নতুন কমিটি ঘোষিত হওয়ার সময়েই জানা গিয়েছিল। বৃহস্পতিবার ঘোষিত হল সন্তোষের সহকারীদের নাম। জানানো হল বিভিন্ন রাজ্যের সংগঠন সম্পাদকদের নামও।

গত কয়েক বছর কেন্দ্রীয় স্তরে সন্তোষের পাশাপাশি সংগঠন দেখছিলেন একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। এ বার সে পদে আরও এক জন এলেন। তিনি সৌদান সিংহ। রামলাল যখন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন), তখনও সৌদান এই পদেই ছিলেন। সঙ্গে ছিলেন শিবপ্রকাশ, সন্তোষ এবং ভি সতীশ। পরে রামলালকে বিজেপি থেকে সঙ্ঘে ফিরিয়ে নেওয়া হয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) হন সন্তোষ। আর যুগ্ম সংগঠন সম্পাদক হিসেবে রেখে দেওয়া হয় শুধু শিবপ্রকাশকে। এ বারের রদবদলে সৌদান ও সতীশ আবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ফিরলেন। প্রথম জন সর্বভারতীয় যুগ্ম সংগঠন সম্পাদক হিসেবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা দেখভালের দায়িত্ব পেলেন। আর সতীশ পেলেন তফসিলি মোর্চা এবং সংসদীয় দফতর দেখভালের দায়িত্ব।

পশ্চিমবঙ্গের সংগঠন সম্পাদক হিসেবে অমিতাভ চক্রবর্তীর পুনর্নিযুক্তি যে হবে, তা প্রায় নিশ্চিতই ছিল। কারণ কোনও রাজ্যে এই পদে রদবদল ঘটাতে হলে আগে যুগ্ম সংগঠন সম্পাদক হিসেবে কাউকে আনা হয়। তিনি ছ’মাস বা এক বছর কাজ করে সংগঠনের সঙ্গে পরিচিত হন। তার পর পুরনো সংগঠন সম্পাদককে সরানো হয়। অমিতাভের সঙ্গে যুগ্ম সংগঠন সম্পাদক হিসেবে সতীশ ঢোন্ড এত দিন ছিলেন ঠিকই। কিন্তু সতীশ বাঙালি নন। বাংলা ভাষা রপ্তও করে উঠতে পারেননি। ফলে অমিতাভের বিকল্প তিনি যে হতে পারবেন না, তা বিজেপির অন্দরে প্রায় সকলেরই জানা ছিল। ঘটলও তেমনই। সতীশকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে মহারাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হল। যুগ্ম সংগঠন সম্পাদক হিসেবেই। সঙ্গে গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের ‘জনজাতি সম্পর্ক’ সামলানোর দায়িত্বও তিনি পেলেন। সতীশ থাকাকালীন কিছু জেলা অমিতাভ দেখতেন। কিছু জেলার দায়িত্ব ছিল সতীশের হাতে। এখন রাজ্যে বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার প্রতিটিই সংগঠন সম্পাদক হিসেবে অমিতাভ দেখবেন।

বিজেপিতে পর পর দু’বারের বেশি সাধারণত কাউকে সভাপতি রাখা হয় না। তবে সাধারণ সম্পাদক (সংগঠন) পদে অমিতাভ পর পর তিন বার বসলেন। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ বিজেপির যুগ্ম সংগঠন সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়ে তাঁকে ভুবনেশ্বর থেকে কলকাতায় পাঠানো হয়েছিল। তখন সংগঠন সম্পাদক ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়। পরের বছরই সুব্রতকে সে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অমিতাভকে সংগঠন সম্পাদক করে দেওয়া হয়। ২০২০ থেকে ২০২৬ পর্যন্ত একটানা দুই মেয়াদ তিনি পূর্ণ করেন। ২০২১ এবং ২০২৬, বিজেপির জন্য এ রাজ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা দু’টি বিধানসভা নির্বাচনেই সংগঠন তাঁর তত্ত্বাবধানে কাজ করেছে। পশ্চিমবঙ্গে প্রথম বার বিজেপি সরকার তৈরি হয়েছে। এত বড় সাফল্যের পরে সংগঠন সম্পাদককে সরিয়ে দেওয়া উচিত হবে কি না, তা নিয়ে দলের অন্দরে নানা তত্ত্ব-পাল্টা তত্ত্ব ছিল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আপাতত অমিতাভেই আস্থা রাখলেন।

অমিতাভের চেয়েও দীর্ঘ মেয়াদে সংগঠন সম্পাদক পদে থাকার নজির অবশ্য এ রাজ্যে রয়েছে। ১৯৯০ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা ১৩ বছর সংগঠন সম্পাদক পদে ছিলেন দেবব্রত সিংহ। ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত একটানা ছিলেন অমলেন্দু চট্টোপাধ্যায়। তার পরে সুব্রত চট্টোপাধ্যায় ছিলেন বছর চারেক। এ বার রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক পদে ‘তৃতীয় ইনিংস’ শুরু হল অমিতাভের।

General Secretary

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy