Advertisement
E-Paper

ব্যাঙ্ক, রেল, ডাকঘরে কেউ ঘুষ চাইলেই জানান! আর্জি সিবিআইয়ের, এ রাজ্যে কেন্দ্রের কর্মীদের দুর্নীতি ধরতে তৎপরতা

কেন্দ্রীয় সরকারি কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা জানাতে হবে সিবিআইয়ের দুর্নীতিদমন শাখাকে। দুর্নীতির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিবিআই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১৫:০৭
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় সিবিআই।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় সিবিআই। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দুর্নীতি ধরতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ব্যাঙ্ক, রেল, ডাকঘর কিংবা অন্য যে কোনও কেন্দ্রীয় সরকারি দফতরে কেউ ঘুষ চাইলেই অবিলম্বে সেই সংক্রান্ত অভিযোগ জানাতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। নির্দিষ্ট বিভাগের ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। নিজ়াম প্যালেসের সিবিআই দফতর-সহ বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়ালে সেঁটে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কেন্দ্রীয় সরকারি কর্মী বা আধিকারিকদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা জানাতে হবে সিবিআইয়ের দুর্নীতিদমন শাখাকে। দুর্নীতির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়ে সিবিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘কেন্দ্রীয় সরকারের কোনও বিভাগ বা প্রতিষ্ঠানের কোনও আধিকারিক যদি আপনার কাছে ঘুষ দাবি করেন অথবা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তবে অবিলম্বে সিবিআইয়ের কলকাতাস্থিত দুর্নীতিদমন শাখাকে জানান।’’ বাংলা, হিন্দি এবং ইংরেজিতে একই বার্তা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। কোনও ভাবেই কোথাও যেন ঘুষ না দেওয়া হয়, দুর্নীতিকে যেন প্রশ্রয় না দেওয়া হয়, জনগণকে সে বিষয়ে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

অভিযোগ জানানোর জন্য এবং সিবিআইয়ের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য দু’টি নম্বর দেওয়া হয়েছে— ০৩৩-২২৮৯-৪৪০৩ এবং ৯০৫১৬১৩৪৫৬। সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার দফতর রয়েছে নিউ টাউনের অখণ্ডকেশরী রোডে। এনবিসিসি স্ক্যোয়ারের ১৩ তলায় দুর্নীতিদমন শাখার ডিআইজির দফতর।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে রাজ্য সরকারি বিভিন্ন বিভাগে দুর্নীতি চরমে পৌঁছেছিল বলে অভিযোগ। নির্বাচনী প্রচারপর্বে সেই দুর্নীতিকে হাতিয়ার করেছিল বিজেপিও। রাজ্যে বিজেপি সরকার গড়ার পর রাজ্য সরকারের দুর্নীতিদমন শাখার পাশাপাশি এবং কেন্দ্রীয় সংস্থাও সক্রিয় হল। এত দিন রাজ্যের কোনও বিভাগে দুর্নীতির তদন্ত সিবিআই সরাসরি করতে পারত না। তার আগে আদালতে টানাপড়েন চলত। কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআই-কে আগাম অনুমোদন নিতে হত। বিজেপি ক্ষমতায় আসার পর সেই ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। ফলে সরাসরি যে কোনও অভিযোগের তদন্ত সিবিআই করতে পারবে। তার ভিত্তিতেই সরাসরি দুর্নীতির অভিযোগ সিবিআই দফতরে জানাতে বলছে কেন্দ্রীয় সংস্থা।

CBI Anti Corruption Unit Central Government Employees BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy