Advertisement
E-Paper

যাদবপুরে বামেদের বই-বিপণি ঘিরে উত্তেজনার ঘটনায় এ বার হাই কোর্টের দ্বারস্থ সিপিএম! মঙ্গলবার শুনানি

দুর্গাপুজোর সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বইয়ের স্টল বন্ধ করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। কখনও যাদবপুর, কখনও বারাসত, কখনও নাগেরবাজারে উত্তেজনা ছড়িয়েছে। গত শনিবার উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১৫:২৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যাদবপুরে বামেদের বই বিপণি ঘিরে উত্তেজনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। গত শনিবার সন্ধ্যায় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের একটি অস্থায়ী বইয়ের স্টলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পুলিশি হস্তক্ষেপে ওই স্টল সরানোর চেষ্টা হয়, নিয়ে আসা হয় বুলডোজ়ারও। ওই ঘটনা নিয়ে সোমবার হাই কোর্টের দ্বারস্থ হল সিপিএম। যাদবপুরের ঘটনার বিরোধিতায় আদালতে মামলা করেছে সিপিএমের যাদবপুর এরিয়া কমিটি। মঙ্গলবার মামলাটি শুনতে পারে আদালত।

দুর্গাপুজোর সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বইয়ের স্টল বন্ধ করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। কখনও যাদবপুর, কখনও বারাসত, কখনও নাগেরবাজারের ঘটনা উঠে এসেছে সংবাদ শিরোনামে। পরপর এই ঘটনাগুলিকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসকদল বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বামেরা। এরই মধ্যে যাদবপুরের বই-বিপণি ঘিরে উত্তেজনার ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ হল সিপিএম।

যাদবপুরে বামেদের বই-বিপণি ঘিরে উত্তেজনা নিয়ে গত শনিবারই ক্ষোভপ্রকাশ করেন বাম নেতৃত্ব। পুলিশ প্রশাসনের কাছে স্টল সরানোর কোনও আইনি নির্দেশ বা লিখিত নোটিস আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তীরা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। সেখানে স্লোগান দিতে শুরু করেন বাম কর্মীরা।

এর আগে বনগাঁয় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়েও মামলা হয় আদালতে। গত বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ বুকস্টলের অনুমতি দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। গত শুক্রবার একক বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি শাব্বার রশিদি বিশেষ ডিভিশন বেঞ্চ।

CPM Jadavpur Book Stall

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy