E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সাত দিন বাড়ল গ্যাসে আধার জোড়ার মেয়াদ

তেল মন্ত্রক আগেই জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংযুক্তি না করলে গ্রাহকেরা কম দামে গৃহস্থালির সিলিন্ডার কিনতে পারবেন না। তার জন্য বর্তমান দামের দ্বিগুণ পর্যন্ত দিতে হতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৬

—প্রতীকী চিত্র।

ফের বাড়ল রান্নার গ্যাসে আধার সংযুক্তির (ই-কেওয়াসি) সময়সীমা। সোমবার তা শেষ হওয়ার কথা ছিল। সেটাই আপাতত ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, নির্দিষ্ট সময়ের পরেও বিরাট সংখ্যক গ্রাহক এই সংযুক্তি করেননি। সেই কারণেই ফের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। এ দিকে সময়সীমা বৃদ্ধির ফলে গ্যাস কিনতে আপাতত বাড়তি টাকা দিতে হবে না গ্রাহকদের। কলকাতায় ৯৬৮ টাকাতেই এই সিলিন্ডার পাওয়া যাবে। বাণিজ্যিক সিলিন্ডারের দামও সোমবার রাত পর্যন্ত ২৮৭২.৫ টাকায় অপরিবর্তিত রয়েছে বলে খবর। রান্নার গ্যাসের পাশাপাশি, আপাতত অপরিবর্তিত রয়েছে পেট্রল ও ডিজ়েলের দামও। শহরে তা বিক্রি হচ্ছে লিটারে যথাক্রমে ১১৩.৫১ টাকা এবং ৯৯.৮২ টাকায়।

উল্লেখ্য, তেল মন্ত্রক আগেই জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংযুক্তি না করলে গ্রাহকেরা কম দামে গৃহস্থালির সিলিন্ডার কিনতে পারবেন না। তার জন্য বর্তমান দামের দ্বিগুণ পর্যন্ত দিতে হতে পারে। তেল সংস্থাগুলির মতে, সাধারণ মানুষকে যাতে এই বোঝা বইতে না হয়, সেই লক্ষ্যেই এই সময়সীমা দ্বিতীয় বার সাত দিন বাড়ানো হল। মন্ত্রক সূত্রের খবর, দীর্ঘদিন ধরে গ্যাসে আধার সংযুক্তির প্রক্রিয়া চলার পরে এখনও পশ্চিমবঙ্গের প্রায় ৩৬ লক্ষ গ্রাহক তা করেননি। তার মধ্যে অর্ধেকেই উজ্জ্বলা গ্রাহক।

সরকারি তথ্য বলছে, জানুয়ারি পর্যন্ত রাজ্যে গ্যাসের গ্রাহক সংখ্যা ছিল ২.৭২ কোটি। এর মধ্যে ইন্ডিয়ান অয়েলের ১.৫৫ কোটি। তার মধ্যে প্রায় ২১.৪ লক্ষের এখনও ই-কেওয়াইসি বাকি। সংস্থা সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে প্রায় ১২ লক্ষ সাধারণ এবং ৯.৬ লক্ষ উজ্জ্বলা গ্রাহক। ইন্ডেন এলপিজি ডিলার সংগঠনের তরফে বিজন বিশ্বাস জানান, ৯০ শতাংশের বেশি গ্রাহক ই-কেওয়াইসি করেছেন। উজ্জ্বলার ক্ষেত্রে সেই হার ৯৬%। শিল্প মহলের বক্তব্য, যাঁরা এখনও ই-কেওয়াইসি করেননি, তাঁদের মধ্যে বড় অংশ ভুয়ো গ্রাহক। তবে ৩৬-৩৭ লক্ষের মধ্যে কমপক্ষে ২০-২২ লক্ষের আধার সংযুক্তি হওয়া উচিত।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Aadhar Fuel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy