নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে। আগামী কয়েক ঘণ্টায় আরও খানিকটা ঘনিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বিকেলের মধ্যেই গভীর নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে। আপাতত তা ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ও হতে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ রবিবার আরও উত্তরে এগিয়েছে। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ, দিঘা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ক্যানিং থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তা অবস্থান করছে। সোমবার সকালে আরও উত্তর-উত্তর পশ্চিমে সরতে সরতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। বিকেলের দিকে তা ওড়িশার উপকূল পেরিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।
আরও পড়ুন:
রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত বর্ষাকালীন অক্ষরেখা। সমুদ্রতল থেকে তা ১.৫ কিলোমিটার উচ্চতায় রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই। তবে সোমবার এবং মঙ্গলবার শহরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টি বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সোমবার। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই দুই জেলায় ঝড়ের গতি তুলনামূলক কম থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়ায়।
মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ চলবে। তবে তার পর বৃষ্টি কমতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।
নিম্নচাপ পরিস্থিতির কারণে সমুদ্র আপাতত উত্তাল রয়েছে। সমুদ্রের উপর ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি। এ ছাড়া, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম।