বুকে ব্যথার উপসর্গ নিয়ে আত্মীয়ার সঙ্গে সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে গিয়েছিলেন রেণু মণ্ডল (৫৬)। শারীরিক অবস্থা পরীক্ষা করে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু রেণুর আত্মীয়া সরস্বতী সরকারের অভিযোগ, মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার সময়ে ওই মহিলার আধার কার্ড না থাকায় সমস্যা হয়। ওয়ার্ড থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে হাসপাতালের গেটের কিছুটা আগে অসুস্থ হয়ে পড়ে যান রেণু। ফের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সরস্বতীর কথায়, ‘‘আধার কার্ড পরে এনে দেব বললেও শোনা হয়নি।’’
ঘটনায় লিখিত অভিযোগ না হলেও স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, ‘‘জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে পাঠানোর পরেও কী ভাবে রোগী বেরিয়ে গিয়েছিলেন, কী ঘটেছিল সবই খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যরত দুই নার্সের জবাবদিহি চাওয়া হয়েছে।’’ হাসপাতালের সুপার ছুটিতে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ওয়ার্ডে কী ঘটেছে, তিনি জানেন না। তবে আধার কার্ড না থাকায় ভর্তি নেওয়া যাবে না, এমন নিয়ম হাসপাতালে নেই। জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, হাসপাতালের নার্সিং সুপারকে বিষয়টি ভাল করে খতিয়ে দেখতে বলা হয়েছে।