পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে খড়্গপুর লোকাল থানা এলাকার মাদপুরের বাড়ি থেকে অজিতকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ। সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় ডেবরা থানায়। শুক্রবারই তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর্থিক প্রতারণার একটি মামলায় অজিতকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তৃণমূলেরই এক কর্মীকে দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন অজিত। সেই দলীয় কর্মীর অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই বিষয়ে জেলা পুলিশের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। পুলিশ সুপারও কোনও মন্তব্য করতে চাননি।
ডেবরা থানায় নিয়ে যাওয়ার আগে অজিত বলেন, “রাজনৈতিক কারণে এই গ্রেফতারি। এত বছর রাজনীতি করছি। কারও থেকে এক পয়সা নিইনি। অভিযোগকারী বিজেপির লোক। তবে পুলিশ-প্রশাসন এবং আদালতের উপর আমার আস্থা রয়েছে।”
পুলিশ সূত্রে খবর, ২৩ সেপ্টেম্বর পিংলা থানায় অজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। হুমকি, আর্থিক প্রতারণার ধারায় মামলা রুজু হয়। ২০১৬ সালে পিংলা ব্লকের জামনা অঞ্চল সভাপতি গোবিন্দ দাসকে তৃণমূলের ব্লক সভাপতির পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অজিত কয়েক লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ। কিন্তু সেই পদ তিনি দিতে পারেননি। অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে গোবিন্দকে হুমকি দেন প্রাক্তন বিধায়ক। তার পর বিজেপিতে নাম লেখান গোবিন্দ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন অজিত। ২০২৬ সালে অবশ্য ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। বর্তমানে মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি পদেও রয়েছেন অজিত। প্রথমে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং পরে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ছিলেন তিনি।