Advertisement
E-Paper

‘অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড না’! সংবাদমাধ্যমে তথ্য ফাঁস নিয়ে অভিষেকের মামলা দ্রুত শুনতে রাজি হল না হাই কোর্ট

ব্যক্তিগত তথ্য, তদন্ত সংক্রান্ত প্রশ্ন সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১১:২৩
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

তাঁর বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের বিরোধিতা করে মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য দ্রুত শুনানি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর সওয়াল, অভিষেকের মামলাটি ডিসেম্বর মাসে শুনানির জন্য পাঠানো হয়েছে। অথচ সংবাদমাধ্যমে তাঁর মক্কেলের বিরুদ্ধে প্রায় দিন তদন্ত সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে। এই অবস্থায় এখন শুনানি সম্ভব না হলে অবকাশকালীন বেঞ্চে মামলাটি পাঠানো হোক।

বিচারপতি ভট্টাচার্য অভিষেকের আর্জি নাকচ করে দেন। তাঁর মন্তব্য, অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড না যে, সেখানে সব মামলা পাঠিয়ে দেওয়া হবে। ওই মামলা এর আগে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে উঠেছিল। তার পরে ডিভিশন বেঞ্চ হয়ে মামলাটি এখানে এসেছে। দ্রুত শুনানি কোনও ভাবেই সম্ভব নয়।

উল্লেখ্য, ব্যক্তিগত তথ্য, তদন্ত সংক্রান্ত প্রশ্ন সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক। রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কখনও পুলিশ, কখনও সিআইডি-র মুখোমুখি হয়েছেন তিনি। ঘণ্টার পর ঘণ্টা তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থাগুলি। অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা তাঁকে কী কী প্রশ্ন করেছেন, তা পরবর্তী কালে বাইরে ফাঁস হয়ে গিয়েছে। অনেক সংবাদমাধ্যমেই সেই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত ১১ জুন ভবানী ভবনে অভিষেককে তদন্তকারীরা কী প্রশ্ন করেছিলেন, তা-ও সংবাদমাধ্যমে বেরিয়ে গিয়েছে বলে কালীঘাট তৃণমূলের সাংসদের দাবি।

এর আগে অভিষেকের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, তদন্তের বিষয়ে সংবাদমাধ্যমে অনুমাননির্ভর, চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তাঁর মক্কেলের বিদেশযাত্রা, ব্যক্তিগত ও বৈবাহিক জীবন নিয়ে এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিতই নয়। ফলে অভিষেকের ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা এবং সুনামের অধিকার লঙ্ঘিত হচ্ছে।

Calcutta High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy