অবৈধ নেশাজাত দ্রব্য পাচার বা বিক্রি বন্ধ করতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধেও পুলিশকে কঠোর পদক্ষেপ করতে বলেছেন। তার পর থেকে জেলার জেলায় অভিযান চালাচ্ছে পুলিশ। হাওড়ার বালি থানার বিনয়-বাদল-দীনেশ নগর এলাকায় একটি জুয়ার ঠেকে হানা দিয়ে মোট আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। সোমবার আদালতে নিয়ে যাওয়া হয়েছে আট জনকে।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে বালির একটি জুয়ার ঠেকে হানা দিয়েছিল তারা। দীর্ঘ দিন ধরেই এলাকাবাসীর অভিযোগ পৌঁছোচ্ছিল পুলিশের কাছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, জুয়ার ঠেকে সমাজবিরোধীদের আনাগোনা হয়। নেশা করে নানারকম দুষ্কর্ম করেন অভিযুক্তেরা। রবিবার রাতে পুলিশ সেখানে যেতেই ঝটপট টাকা এবং নেশার সামগ্রী গুটিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্তেরা। তবে আট জনকে হাতেনাতে ধরেছে পুলিশ।
আরও পড়ুন:
সোমবার ধৃতদের হাওড়া আদালতে হাজির করানো হয়েছিল। তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতে চেয়ে বিচারকের কাছে আবেদন জানিয়েছেন তদন্তকারীরা আধিকারিকেরা। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, এলাকায় আরও কোথায় এমন জুয়ার আসর বসে, সেই সমস্ত তথ্য ধৃতদের জেরা করেই পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।