ট্রেন আসছে অথচ রেল গেট খোলা। তা দেখে ক্রমাগত হর্ন বাজিয়ে চলেছেন লোকো পাইলট। অবশেষে গেট নামালেন গেটম্যান। স্থানীয়দের দাবি, ঘুমিয়ে পড়েছিলেন গেটম্যান। মঙ্গলবার কাটোয়া লাইনের হুগলি জেলার সোমড়া কোলোরা রেল গেটের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, খোলা ছিল ব্যান্ডেল কাটোয়া শাখার সোমড়া রেল গেট। স্থানীয়েরা গেট পেরোতে গিয়ে দেখতে পান গেটের থেকে কিছুটা আগে দাঁড়িয়ে আছে ৩৭৭৫৪ ডাউন কাটোয়া ব্যান্ডেল লোকাল ট্রেন। হর্ন বাজাচ্ছেন লোকো পাইলট। তা শুনে কেবিন থেকে বেরিয়ে এসে গেট বন্ধ করেন গেটম্যান। গেট বন্ধ পওয়ার পরে ট্রেন চলে যায়। ওই গেটম্যানকে ঘিরে স্থানীয়েরা বিক্ষোভও দেখান। এলাকাবাসীদের অভিযোগ, গেটম্যান ঘুমোচ্ছিলেন। জানা গিয়েছে, জিরাট স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়েরা। এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘‘কী হয়েছিল খোঁজ নেব।’’
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর রেলগেটের মাঝের একটি স্থানে লেভেল ক্রশিংয়ে ঢুকে পড়েছিল একটি স্কুল ভ্যান। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চার পড়ুয়া-সহ পাঁচ জনের। এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন গেটম্যান।