Advertisement
E-Paper

এ বার ক্রেতা সেজে বামেদের বইয়ের স্টল ভেঙে দেওয়ার অভিযোগ! প্রতিবাদে টেবিল পেতে বই বিক্রির আয়োজন হাওড়ায়

সিপিএমের দাবি, গত ষাট বছর ধরে পুজোর সময় ওই স্থানে বইয়ের স্টল দেয় তারা। এ বার বইয়ের স্টল করার জন্য হাওড়া পুরসভা এবং থানাকে আগেই জানানো হয়েছিল। তা সত্ত্বেও হামলা হল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১৭:৪২
হাওড়ার চ্যাটার্জিহাটে বামেদের বইয়ের স্টল লন্ডভন্ড!

হাওড়ার চ্যাটার্জিহাটে বামেদের বইয়ের স্টল লন্ডভন্ড! —নিজস্ব চিত্র।

বামেদের বুক স্টলে হামলা অব্যাহত। এ বার ঘটনাস্থল হাওড়ার চ্যাটার্জিহাট থানা। আঙুল বিজেপির দিকে। যদিও শাসকদল সরকারি ভাবে অভিযোগ স্বীকার করেনি।

দুর্গাপুজোর আবহে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপের কাছে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা এবংম ভাঙচুরের ঘটনায় নিন্দা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, আদর্শগত ভিন্নমত থাকতে পারে, কিন্তু বই বিক্রি করতে না দেওয়া বা স্টল ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বামেদের বুক স্টল ভাঙতে যখন পুলিশ এবং শাসকদলের লোকজন নেমেছেন বলে অভিযোগ উঠেছে, তখন তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ভিন্ন মত পোষণ করেছে। সংগঠনের পূর্বক্ষেত্র প্রান্তপ্রচার প্রমুখ জিষ্ণু বসু বলেছেন, ‘‘প্রত্যেকের বুক স্টল করার অধিকার আছে। আজ যারা বুক স্টল ভাঙছে, তারা কেউ আসল লড়াইয়ে ছিল না। ক্ষমতার দম্ভে এ সব করছে!’’ কিন্তু মন্ত্রী কিংবা সংঘের নেতাদের বার্তা তৃণমূল স্তরে পৌঁছোচ্ছে কি না, এই ঘটনা পরম্পরা তা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।

সোমবার, অষ্টমীর দিন হাওড়ায় চ্যাটার্জিহাট থানার কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রোডের উপর সিপিএমের বইয়ের স্টল ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে জেলার শীর্ষ নেতারা সেখানে ছুটে যান। খবর পেয়ে অকুস্থলে যায় পুলিশ। তত ক্ষণে স্টল অবশ্য চুরমার। সিপিএম চ্যাটার্জিহাট থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ, গত কয়েক দিন ধরে নানা অছিলায় বিজেপি কর্মীরা বইয়ের স্টলে গিয়ে আক্রমণে চেষ্টা চালাচ্ছিলেন। রবিবার রাতে প্রচুর বহিরাগতকে সঙ্গে নিয়ে ওই এলাকার কিছু বিজেপি কর্মী পরিকল্পনা করে হামলা চালিয়েছেন। বাধা দিতে গেলে কয়েক জন সিপিএম কর্মী জখম হন।

সিপিএমের এ-ও অভিযোগ, এ বার ক্রেতা সেজে বিজেপি কর্মীরা বামপন্থীদের বইয়ের স্টলে গিয়েছিলেন। এক সিপিএম নেতার কথায়, ‘‘ক্রেতা সেজে এসে আমাদের কর্মীদের প্রশ্ন করে কেন আরএসএসের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে? জবাবের অপেক্ষা না করে ভাঙচুর শুরু করে ওরা। এমনকি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বইও বাদ যায়নি। সব ফেলে দেয় ওরা।’’

স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, গত ষাট বছর ধরে পুজোর সময় ওই স্থানেই বইয়ের স্টল দেন তাঁরা। এ বার বইয়ের স্টল করার জন্য হাওড়া পুরসভা এবং থানাকে আগেই জানিয়েছিলেন তাঁরা। তা সত্ত্বেও হামলা হয়েছে। এক প্রবীণ সিপিএম নেতার কটাক্ষ, ‘‘আসলে ওরা বইকে ভয় পায়। তাই এই অপকর্ম সর্বত্র করছে।’’

হামলার প্রতিবাদে সোমবার টেবিল পেতে ফের বই বিক্রির আয়োজন করেছে সিপিএম। বিজেপির কোনও স্থানীয় নেতা এ নিয়ে মন্তব্যই করতে চাননি।

CPM BJP CPM Book Stall Howrah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy