হাওড়ার আন্দুলে আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল এক বৃ্দ্ধার। মৃতার নাম গোপা মুখোপাধ্যায় (৭২)। ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আবাসনের কয়েক জন বাসিন্দা। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল।
বুধবার দুপুরে আন্দুলের আমতলায় উত্তরায়ন নামে একটি আবাসনে আগুন লাগে। ওই আবাসনে প্রায় ২২টি ফ্ল্যাট রয়েছে। তিনতলার একটি ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়ে পড়ে নীচের তলাতেও। ধোঁয়ায় ভরে যায় আবাসন এবং আশপাশ। আবাসনের বিভিন্ন তলে আটকে পড়েন বাসিন্দারা। স্থানীয় লোকজন এবং দমকলের সহযোগিতায় আটক বাসিন্দাদের উদ্ধার করা হয়। তবে তার মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কয়েক জন আবাসিক। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা।
দমকল সূত্রে খবর, আবাসনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পরিস্থিতি আরও ভয়ানক হতে পারত। কিন্তু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রশাসন সূত্রে খবর, অগ্নিকাণ্ডের তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট আবাসনটি তিন দিনের জন্য বন্ধ রাখা হবে। বাসিন্দাদের অন্যত্র থাকতে বলা হয়েছে। যাঁদের অন্যত্র থাকার অসুবিধা রয়েছে, কিংবা থাকার জায়গা নেই, তাদের সাময়িক ভাবে থাকার বন্দোবস্ত করবে প্রশাসন।ইতিমধ্যে আবাসনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।