Advertisement
E-Paper

ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগে গ্রেফতার হুগলির প্রৌঢ়, ধৃত বললেন, মদ খেয়ে করে ফেলেছি!

বিজেপির হুগলি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন চুঁচুড়া থানায়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৪:১৭

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে করে ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। হুগলির ব্যান্ডেলের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনির বাসিন্দা। নাম কার্তিক বণিক। এলাকাবাসী তাঁকে বাবু নামে চেনেন। প্রতিবেশীরা বলছেন, পাড়া থেকে চায়ের দোকানে আড্ডা, সর্বত্রই মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করতেন তিনি। কদর্য ভাষায় আক্রমণ করতেন। কিন্তু এ বার যে সটান ফেসবুক লাইভ করে ওই কাণ্ড ঘটাবেন, তা কেউই ভাবতে পারেননি।

ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাবুর বিরুদ্ধে পুলিশে যায় বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন চুঁচুড়া থানায়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

বাবুর গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মাত্র পাঁচ মাসে যা কাজ করেছেন, তাতে মানুষের প্রচুর আশীর্বাদ পাচ্ছেন। তৃণমূল যাঁরা করতেন, তাঁদের বেশির ভাগের তো এখন কোনও কাজ নেই। ওদিকে দলটাও তো উঠে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করা এঁদের কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি পুলিশ-প্রশাসনকে বলব, এঁদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।’’

স্থানীয়েরা জানাচ্ছেন, ধৃত প্রৌঢ় তৃণমূলকে সমর্থন করতেন। তবে তিনি সক্রিয় কর্মী ছিলেন বা আছেন কি না, কারও জানা নেই। আর ধৃত প্রৌঢ়ের দাবি, তিনি মত্ত অবস্থায় ওই কাজ করে ফেলেছেন। তার জন্য দুঃখিত। এবং তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

Bandel Hooghly police BJP Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy