E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রাক সুব্রত কাপে ক্লাস্টার সেরা খেয়াদহের মেয়েরা

চ্যাম্পিয়ন ও রানার্স হওয়ার সুবাদে দুই স্কুলই রাজ্য পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০১:১০
উচ্ছ্বাস: চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফি হাতে খেয়াদহ হাই স্কুলের ছাত্রীরা।

উচ্ছ্বাস: চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফি হাতে খেয়াদহ হাই স্কুলের ছাত্রীরা। নিজস্ব চিত্র ।

ভরা বর্ষায় ইতিউতি কাদা হুগলির চুঁচুড়ার ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের মাঠে। সেখানে থমকে দাঁড়াচ্ছে বল। তার মধ্যেই ৬৫ তম প্রাক সুব্রত কাপ ফুটবলের রাজ্য ক্লাস্টারের ফাইনালে দাপিয়ে খেলল দু’দল মেয়ে। অনূর্ধ্ব ১৭ বছরের ছাত্রীদের এই প্রতিযোগিতায় সেরা হল দক্ষিণ ২৪ পরগনার খেয়াদহ হাই স্কুল। রানার্স নদিয়ার ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়। দু’দলের লড়াই উপভোগ করলেন দর্শক।

চ্যাম্পিয়ন ও রানার্স হওয়ার সুবাদে দুই স্কুলই রাজ্য পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করল। যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩-৫ অগস্ট ওই প্রতিযোগিতা হবে। ২৬টি ক্রীড়া জেলাকে তিনটি ক্লাস্টারে ভাগ করে প্রতিযোগিতা হয়। প্রতিটি ক্লাস্টারের চ্যাম্পিয়ন ও রানার্স দল সেখানে খেলবে।

ধরমপুরের মাঠে ক্লাস্টারের ফাইনালে শনিবার খেয়াদহের মেয়েরা জেতে ২-০ গোলে। ষাট মিনিটের খেলায় দুই অর্ধে দু’টি গোল করে তারা। প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেয় অনন্যা বিশ্বাস। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় স্নেহা ওরাং। প্রতিযোগিতার সেরা ফুটবলার হয়েছে অনন্যা। সেমিফাইনালেও সে গোল করেছিল। সর্বাধিক গোলদাতা অনন্যার সতীর্থ দীপ্তি কাঞ্জি। সেমিফাইনালে সে জোড়া গোল করেছিল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছে রানার্স দলের বৈশাখী দাস।

ধরমপুরের মাঠটিতে ক্লাস্টারের খেলা হয় বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলার চ্যাম্পিয়ন ছ’টি দলকে নিয়ে। উপস্থিত ছিলেন রাজ্য স্কুল শিক্ষা দফতরের পর্যবেক্ষক সেখ খাবিরুদ্দিন। এ ছাড়াও, দুই নির্বাচক তাপসকুমার রায় এবং মহিম দাস উপস্থিত ছিলেন। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য উদ্যোক্তা কমিটিকে ধন্যবাদ জানান প্রতিযোগিতায় যোগ দেওয়া দলগুলির কোচ, কর্মকর্তা, শিক্ষকেরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Chinsurah football

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy