রাতের অন্ধকারে মৃ়ৎশিল্পীদের ‘স্টুডিয়োয়’ ঢুকে একের পর এক প্রতিমা ভেঙেছেন। এমনই অভিযোগে হাওড়ার শিবপুরের মন্দিরতলা থেকে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল নবান্নের অনতিদূরে মৃৎশিল্পীদের পাড়ায়।
ক্ষতিগ্রস্ত এক মৃৎশিল্পীর অভিযোগ, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। এক সহকর্মীর ফোন পেয়ে চমকে যান। তিনি জানান, কেউ বা কারা তাঁর গড়া প্রতিমা ভেঙে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছেন। ওই ফোন পেয়ে রাত দেড়টা নাগাদ তিনি কর্মস্থলে পৌঁছোন। দেখেন রাস্তায় পড়ে তাঁর তৈরি প্রতিমার ধ্বংসাবশেষ। শনিবার সকালে থানায় যান ওই মৃৎশিল্পী। রাস্তা থেকে কুড়িয়ে ভাঙা প্রতিমাগুলি নিরাপদ একটি জায়গায় রাখেন।
অভিযোগ পেয়ে তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ। এক ব্যক্তিকে চিহ্নিতও করা হয়। অভিযুক্তের নাম সাহেব সিংহ। শিবপুরের গোলাম হোসেন সর্দার লেনের বাসিন্দা তিনি।
আরও পড়ুন:
কেন তিনি এমন কাজ করলেন, জানা যায়নি। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, পুরনো কোনও শত্রুতা থেকে এই কাজ করেছেন। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, ‘‘প্রতিমা ভাঙার একটি ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়েক বছর আগেও ওই এলাকায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। বিশদে বিষয়টি দেখা হচ্ছে।’’