রিষড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান জ়াহিদ খানের ভাইপো ইমরান খানকে গ্রেফতার করল পুলিশ। বিহার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ইমরানকে নিয়ে আসা হয়েছে শ্রীরামপুরে। তাঁকে শ্রীরামপুর আদালতে হাজির করানো হবে।
ইমরানের বিরুদ্ধে শ্রীরামপুর থানা এলাকায় বাড়ি ভাঙচুর, শান্তি বিঘ্নিত করা, ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে। ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনের আগে জ়াহিদের পুত্রের সঙ্গে মিলে তিনি এই সমস্ত কাজ করেছেন বলে অভিযোগ। রাজ্যে সরকার পরিবর্তনের পর পুরনো মামলাগুলিতে পুলিশ ফের সক্রিয় হয়েছে। অভিযোগ, পুলিশি সক্রিয়তার আঁচ পেয়েই ইমরান গা ঢাকা দিয়েছিলেন। তাঁর খোঁজে অনেক দিন ধরে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে বিহার থেকে তাঁকে গ্রেফতার করা হল।
আরও পড়ুন:
বিহার থেকে সোজা শ্রীরামপুর থানায় নিয়ে আসা হয়েছে ইমরানকে। তাঁর কাকা জ়াহিদ রিষড়া এলাকার দাপুটে তৃণমূল নেতা ছিলেন। দীর্ঘদিন কাউন্সিলর এবং পুরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। তাঁর এবং তাঁর পুত্র শাহিদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন এলাকায় তাঁদের দেখা যায়নি। দাবি, তাঁরাও গা ঢাকা দিয়ে আছেন। পুলিশ তাঁদের খুঁজছে। মাসখানেক আগেও শাহিদের খোঁজে তাঁদের বাড়িতে গিয়েছিল পুলিশ। ইমরান ধরা পড়ায় বাকি দু’জনকেও শীঘ্রই খুঁজে পাওয়া যাবে বলে তদন্তকারীরা আশাবাদী। তাঁরা কোথায় আছেন, ইমরানের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। জ়াহিদের ভাইপোকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই একের পর এক নেতা গা ঢাকা দিয়েছেন। দলের কাউন্সিলরদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পুলিশ পদক্ষেপ করেছে। অনেকেই গ্রেফতার হয়েছেন তোলাবাজি, এলাকায় অশান্তি, হুমকি দেওয়ার মতো অভিযোগে। ইমরানকে জিজ্ঞাসাবাদ করে জ়াহিদ এবং তাঁর পুত্রের খোঁজ মিলতে পারে, আশায় পুলিশ।