Advertisement
E-Paper

‘কাকিমা’! ডাক দিয়ে দাঁড় করিয়ে টান মেরে সোনার হার ছিনিয়ে নিল দুষ্কৃতীরা! পুজোর থালা হাতে হতবাক বালির বৃদ্ধা

মীরা মনে করার চেষ্টা করেন ওই দু’জনকে আগে কোথায় দেখেছেন তিনি। আত্মীয়দের কেউ কি? মাত্র কয়েক সেকেন্ড কেটেছে, তার মধ্যেই ওই দুই যুবক বাইক নিয়ে দ্রুত বেগে বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৩:১০
Snatch

ছবি: এআই সহায়তায় তৈরি।

প্রতিদিন সকালে বাড়ির সামনে একটি মন্দিরে পুজো দিতে যান মীরা ভুতিকা। বুধবার সকালেও গিয়েছিলেন হাওড়ার বালির ওই বাসিন্দা। পুজোর থালা হাতে বাড়ি ফিরছেন। হঠাৎ ‘কাকিমা’ বলে ডাক দিলেন পিছন থেকে কেউ। ফিরে তাকিয়েছিলেন মন্দিরফেরত মীরা। তার পর যা ঘটল, তাতে হতভম্ব হয়ে রাস্তায় খানিক ক্ষণ দাঁড়িয়ে রইলেন সত্তর বছরের বৃদ্ধা!

মীরা জানান, সকালে পুজো দিয়ে বাড়ির রাস্তা ধরেছিলেন। বাড়ি থেকে মন্দির হেঁটেই যাতায়াত করেন। এর-ওর সঙ্গে দেখা হয়। সৌজন্য বিনিময় হয়। বুধবারও বালির তর্কসিদ্ধান্ত লেন ধরে বাড়ির পথে হাঁটছিলেন তিনি। খানিক দূর থেকে তাঁকে ‘কাকিমা’ বলে কেউ একজন ডাকেন তাঁকে। তিনি ফিরে দেখেন একটি বাইকে দুই যুবক বসে। তাঁদেরই একজন ডেকেছিলেন। তিনি চেনার চেষ্টা করতেই সেই যুবক মুচকি হেসে বলে, ‘‘আমাদের চিনতে পারছেন না?’’

মীরা মনে করার চেষ্টা করেন ওই দু’জনকে আগে কোথায় দেখেছেন তিনি। আত্মীয়দের কেউ কি! মাত্র কয়েক সেকেন্ড কেটেছে। তার মধ্যেই ওই দুই যুবক বাইক নিয়ে দ্রুত বেগে বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ান। কিছু বুঝে ওঠার আগে তাঁর গলার সোনার হারে টান! চিৎকার করে ওঠেন মীরা। তত ক্ষণে দুই ছিনতাইকারী সশব্দে বাইক নিয়ে বেরিয়ে গিয়েছে। স্থানীয়েরা ছুটে যান বৃদ্ধার কাছে। ঘটনার আকস্মিকতায় কিছু ক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন মীরা। স্থানীয় লোকজন খানিক চেষ্টাচরিত্র করেও ধরতে পারেননি অভিযুক্তদের। ছিনতাইয়ের খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। সকালবেলা এমন ঘটনায় শোরগোল বালির ওই পাড়ায়।

Snatching Howrah Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy