এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ে গিয়ে বিপাকে বসিরহাটের ২৯ জনের একটি দল। ৩০ অক্টোবর ট্রেকিং-পথের দিংবোচেতে ‘গুড লাক’ হোটেলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। ওই দলের ২৯ জন সদস্যের প্রায় সমস্ত সামগ্রী পুড়ে যায়। মোবাইল ফোন ছাড়া টাকা, গরম পোশাক ও প্রয়োজনীয় জিনিস হারিয়ে তাঁরা অর্থ ও খাবারের সঙ্কটে পড়েছেন। তবে সকলেই নিরাপদে বেরিয়ে আসেন।
গত ২১ অক্টোবর বসিরহাট থেকে রওনা দিয়েছিলেন তাঁরা। ঘটনার সময়ে ১৯ জন হোটেলে ছিলেন। পরে লোবুচে থেকে ১০ জন পৌঁছলে দলে সাত মহিলা-সহ মোট ২৯ জন হন। তুষারপাতের মধ্যে অন্য লজে আশ্রয় নিয়ে পরে তাঁরা পাংবোচেতে নেমে রাত কাটান। তাঁদের দ্রুত হেলিকপ্টারে লুকলা অথবা সলরি (ফাপলু)-তে সরানোর আবেদন জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে সংস্থা। মুখ্যমন্ত্রীর দফতর, বিপর্যয় মোকাবিলা দফতর, স্থানীয় থানা ও ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনকেও বিষয়টি জানানো হয়েছে।