গত পাঁচ মাসে রাজ্যে দু’হাজার ২৫৪টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। রাজ্য পুলিশের দেওয়া এই তথ্যের ভিত্তিতে পাঁচ মাসের বিজেপি সরকারের আমলে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে মমতা-তৃণমূল কংগ্রেস। শুধু তা-ই নয়, এই পাঁচ মাসে যে ৬০০ খুনের অভিযোগ দায়ের হয়েছে, তা নিয়েও ‘ডাবল ইঞ্জিন সরকার’কে বিঁধেছেন মমতা-তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জবাবে বিজেপি বলছে, এ সব ঘটনা তৃণমূল আমলের। এখন অভিযোগ জমা হচ্ছে।
রাজনৈতিক পটপরিবর্তনে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীরা ধারাবাহিক ভাবে অভিযোগ তুলেছে। এ বার তথ্যের অধিকার আইনে পাওয়া অপরাধের হিসাব সামনে রেখে পাঁচ মাসের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছে মমতা-তৃণমূল। দলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলের একটি আবেদনে রাজ্য পুলিশ যে তথ্য দিয়েছে, তাতে পাঁচ মাসে প্রায় আড়াই হাজার ধর্ষণ, ৬০০ খুন, ১৩ হাজার ১১৪টি খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। এই হিসাব দেখিয়েই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সমাজমাধ্যমে লিখেছেন, ‘এটা ডাবল ইঞ্জিন সরকারের বিপর্যয়ের ঝলক মাত্র।’ এই প্রসঙ্গে ‘এসআইআর’ ও ‘ভোটচুরি’র কথা তুলে তিনি বলেছেন, ‘‘যে কোনও ভাবে ক্ষমতায় এসেছে। তার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।’’ এই তথ্যে বিজেপি সরকারকে বিঁধেছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ এবং অর্ককুমার নাগও। বিজেপি অবশ্য দাবি করেছে, সরকারের দেওয়া তথ্য নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। রাজ্যে দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ‘‘তৃণমূল আমলে কোনও অভিযোগই দায়ের হয়নি। আমাদের সরকার আগের সব অভিযোগ নথিবদ্ধ করার সুযোগ দিয়েছে। এই ঘটনাগুলি কখন ঘটেছে, তা দেখতে হবে। মানুষকে এ সব বলে বোকা বানানো যাবে না।’’ তাঁর দাবি, ‘‘এখন কোথাও কোনও ঘটনা ঘটলে আমরা নথিবদ্ধ করতে বলেছি। এনসিআরবি-তে দিচ্ছি।’’ তৃণমূল আমলে শাস্তির হার নিয়েও কটাক্ষ করেছেন তিনি।