E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, পাচারের নালিশে গ্রেফতার দুই

ধৃতদের নাম সুজয় দাস ওরফে বুবাই এবং ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ০৯:৩১
উদ্ধার হওয়া লজ্জাবতী বানর। বুধবার কল্যাণীতে।

উদ্ধার হওয়া লজ্জাবতী বানর। বুধবার কল্যাণীতে। নিজস্ব চিত্র।

ছোট্ট একটি ব্যাগের ভিতরে বন্দি বিরল প্রজাতির বন্যপ্রাণী। মোটরবাইকে চেপে সেটি নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়লেন দুই ব্যক্তি। মঙ্গলবার রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। উদ্ধার হয় বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ বা লজ্জাবতী বানর। বুধবার ধৃতদের কল্যাণী আদালতে হাজির করানো হলে বিচারক নয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ জানায়, ধৃতদের নাম সুজয় দাস ওরফে বুবাই এবং ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে একটি ছোট ব্যাগে বন্দি অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক। ধৃতদের মধ্যে সুজয়ের বাড়ি নাগেরবাজার এলাকায়। ইন্দ্রজিতের বাড়ি কাঁচরাপাড়ার কাশিমপুরে। সুজয়ের বিরুদ্ধে এর আগে আলিপুর চিড়িয়াখানা থেকে মারমোসেট বাঁদর চুরির অভিযোগে বন্যপ্রাণী সংক্রান্ত মামলা হয়েছিল। ওই ঘটনায় গ্রেফতারও করা হয়। এ বার বেঙ্গল স্লো লরিস উদ্ধারের ঘটনায় ধৃতদের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

বেঙ্গল স্লো লরিস মূলত নিশাচর প্রাণী। উত্তর-পূর্ব ভারত-সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বনাঞ্চলে এদের দেখা মেলে। বড় বড় চোখের এই প্রাণী সাধারণত গাছের ডালে থাকে। ওজন প্রায় এক থেকে দু’কেজি। বিরল এই বন্যপ্রাণীটিকে কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

নদিয়া-মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিংহ যাদব বলেন, “এই পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে, তদন্ত করে দেখা হচ্ছে।” উদ্ধার হওয়া প্রাণীটিকে বন দফতরের হাতে তুলে দিয়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা হবে। এই ঘটনার পিছনে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক পাচারচক্রের যোগ রয়েছে কি না, পুলিশ খতিয়ে দেখছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kalyani

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy