মাঝরাতে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক যুবক। আহত হন তিনি। ওই অবস্থায় সাহায্যের জন্য এগিয়ে আসেন ‘সহৃদয়’ দুই যুবক। আহত অবস্থায় তাঁকে নিয়ে হাসপাতালে ভর্তি করান। কিন্তু তার পরেই আহত ওই যুবকের বাইক নিয়ে চম্পট দেন তাঁরা!
স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন শান্তিপুরের বাসিন্দা তন্ময় বিশ্বাস। শান্তিপুরের দুই নম্বর গেট এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। গুরুতর জখম হন তিনি। ঘটনার পর আহতকে সাহায্য করতে এগিয়ে আসেন এলাকারই দুই যুবক। তাঁরাই দুর্ঘটনাগ্রস্ত বাইকটি তুলে ওই যুবককে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর আহতকে ভর্তিও করিয়ে দেন। তার পরেই ওই বাইকটি নিয়ে পালিয়ে যান ওই দুই যুবক।
আরও পড়ুন:
হাসপাতালে চিকিৎসা করানোর পর তন্ময় দেখতে পান যে তাঁর বাইক নেই। শুধু তা-ই নয়, তাঁকে যে দুই যুবক হাসপাতালে নিয়ে এসেছিলেন তাঁদের কোনও খোঁজ পাননি। বুঝতে পারেন তাঁর বাইক চুরি গিয়েছে। হাসপাতাল থেকেই সোজা শান্তিপুর থানার দারস্থ হন। থানায় লিখিত অভিযোগ জানিয়ে তিনি জানান, অবিলম্বে যেন তাঁর বাইকটি উদ্ধার করা হয় এবং এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত দুই যুবককে দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।