Advertisement
E-Paper

আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিলেন আগেই, বনগাঁর সেই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে মিলল জাল নোট

অস্ত্র আইনের ২৫(১) (এ) ধারায় ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছিল। অস্ত্র আইন, যৌন নির্যাতন, লুটপাট ও মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৭:১৪
Counterfeit currency recovered during a search of the residence of a TMC leader from Bongaon, who was arrested in a firearms case

ধৃত তৃণমূল নেতা জাফর আলি মণ্ডল। —ফাইল চিত্র।

আগ্নেয়াস্ত্র মামলায় আগেই পুলিশের জালে ধরা পড়েছিলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা জাফর আলি মণ্ডল। এ বার সেই তৃণমূল নেতার নাম জড়াল জাল নোট কেলেঙ্কারিতে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে মিলল ২১ হাজার টাকার জাল নোট। প্রত্যেকটিই ৫০০ টাকার নোট।

আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর জাফর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, হেফাজতে থাকাকালীন তাঁকে জেরা করে উঠে এসেছে নানা তথ্য। পুলিশ জানতে পারে রামকৃষ্ণপল্লিতে তাঁর বাড়িতে লুকিয়ে রাখা রয়েছে ৫০০ টাকার ৪২টি জাল নোট! ধৃতের দেওয়া সেই তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ।

আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতার পর জাফরের বাড়ি থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথা থেকে এই জাল নোট এল, কোন চক্র জড়িত রয়েছে এই কারবারের নেপথ্যে? এই সব তথ্য জানতে জাফরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। আগ্নেয়াস্ত্র মামলার পাশাপাশি এ বার জাল নোট কারবারের তদন্তও শুরু করল পুলিশ।

অস্ত্র আইনের ২৫(১) (এ) ধারায় জাফরকে গ্রেফতার করা হয়েছিল। অস্ত্র আইন, যৌন নির্যাতন, লুটপাট ও মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভুয়ো ভোটের প্রতিবাদ করায় বিজেপির এক প্রার্থী ও তাঁর স্বামীর উপরে হামলা চালান জাফর ও তাঁর সহযোগীরা। এ বার সেই সব মামলায় সঙ্গে জুড়ল জাল নোট কেলেঙ্কারিও।

TMC TMC Arrest Fake currency

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy