বিজেপি বুথ সভাপতির স্ত্রী এবং মেয়েকে মারধরের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক শোরগোল এলাকায়। পুলিশের হাতে আটক হয়েছেন দু’জন।
ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার দাহারানি গ্রামে। ওই গ্রামের ১১২ নম্বর বুথের বিজেপি সভাপতি আতিয়ার রহমান সর্দারের বাড়িতে রাতের দিকে কয়েক জন ব্যক্তি চড়াও হন বলে অভিযোগ। আতিয়ারের স্ত্রীর দাবি, অভিযুক্তেরা তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন। কী কারণে তাঁরা সেখানে জটলা করেছেন, সকলের পরিচয় জানতে চাইতেই ইচ্ছাকৃত ভাবে বচসা জুড়ে দেন তাঁরা। তার পর তাঁকে এবং তাঁর মেয়েকে মারধর করা হয়।
মা-মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে গিয়েছিলেন সর্দারদের বাড়িতে। দেখেন মা-মেয়ে দু’জনেই জখম। তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই দু’জনের চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
আক্রান্ত পরিবারের অভিযোগ, গত ৪ মে বিধানসভা ভোটের ফলঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। তখন থেকে তৃণমূল থেকে বিজেপিতে আসা কয়েক জনের নিশানায় তারা। বিজেপি বুথ সভাপতি জানান, আগের সরকারের আমলে একাধিক বার তাঁদের উপর হামলা চালানো হয়েছে বিরোধী রাজনীতি করার জন্য। এখন তাঁদের দল যখন শাসক, তখনও আক্রান্ত হতে হল বাড়ির মহিলা সদস্যদের।
হামলার ঘটনায় জীবনতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে এই হামলা এবং নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।