Advertisement
E-Paper

ফ্রিজ় খুলে জন্মদিনের কেক খেয়ে শুরু ‘অভিযান’! গড়িয়ার বাড়ি থেকে নগদ, রত্ন, বিদেশি মদ নিয়ে পালাল চোরেরা

জানা গিয়েছে, দিন তিনেক আগে পৃথ্বীরাজের মেয়ে সুকন্যা রায়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষে কেক কাটা হয়েছিল বাড়িতে। অবশিষ্ট কেক রাখা ছিল ফ্রিজ়ের মধ্যে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৫:২৯
Three miscreants broke into a house in Garia and stole valuables worth over a lakh rupees

(বাঁ দিকে) ঘরের মধ্যে লন্ডভন্ড করল চোরেরা এবং ফ্রিজ় খুলে কেক খেল (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

বাড়ির জানলার গ্রিল কেটে ঘরে ঢুকেছিল চোরেরা। ঘরে ঢুকে প্রথমেই ফ্রিজ়ের দরজা খোলে তারা। খুলে দেখে সেখানে রাখা জন্মদিনের কেক। চুরি শুরুর আগে ওই কেক আনন্দের সঙ্গে চেটেপুটে খেল তারা। তার পর শুরু হয় আসল অভিযান! ওই বাড়ি থেকে নগদ, মূলবান রত্ন, বিদেশি ডলার-সহ পাঁচ লক্ষের বেশি সামগ্রী নিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী।

নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ার ফরতাবাদে বি-৬ প্রান্তিকা এলাকায় একটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ওই বাড়ির মালিক পৃথ্বীরাজ রায়। রবিবার বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে চোরেরা হানা দেয় ওই বাড়িতে। রবিবার রাত ৮টার পর তিন জন দুষ্কৃতী বাড়ির পিছনের জানলার গ্রিল কাটে। তার পর একে একে ঢুকে পড়ে ঘরের মধ্যে। প্রত্যেকের মুখই কালো মুখোশে ঢাকা ছিল। অভিযোগ, ৪০ মিনিটের মধ্যে ওই বাড়িতে চুরি করে ওই একই পথে পালায় তিন জন!

জানা গিয়েছে, দিন তিনেক আগে পৃথ্বীরাজ মেয়ে সুকন্যা রায়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষে কেক কাটা হয়েছিল বাড়িতে। অবশিষ্ট কেক রাখা ছিল ফ্রিজ়ের মধ্যে। অভিযোগ, বাড়িতে ঢুকেই প্রথমে ফ্রিজ় খুলে সেই কেক বার করে খায় দুষ্কৃতীরা। তার পরে আলমারি খোলে তারা। আলমারি থেকে সব জামাকাপড় বার করে মেঝেতে স্তূপাকার করে। তার পরে লকার খুলে নগদ টাকা, মূলবান রত্ন, বিদেশি ডলার হাতিয়ে ঝোলায় ভরে। শুধু আলমারি বা বাড়ির অন্য আসবাবপত্র নয়, চোরেদের নজর পড়ে ঠাকুরঘরেও। সেই ঠাকুরঘরে একটি রাধাকৃষ্ণের মূর্তি ছিল। অভিযোগ, সেটি সোনার কি না, তা পরীক্ষা করতে মূর্তির গা থেকে জামা খুলেও দেখে চোরেরা। যদিও শেষপর্যন্ত ওই মূর্তি নেয়নি।

গোটা ঘটনা ধরা পড়ে ওই বাড়ির মধ্যে লাগানো সিসি ক্যামেরায়। অভিযোগ, চুরি যাতে ধরা না পড়ে সেই জন্য সিসি ক্যামেরার হার্ড ডিস্কেরও খোঁজ করে চোরেরা। যদিও তা খুঁজে পায়নি তারা। পরিবারের দাবি, দিন তিনেক আগে যে ওই বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান ছিল, তা আগে থেকেই জানত চোরেরা। জন্মদিনে পাওয়া মূল্যবান উপহার হাতানোর পরিকল্পনা করেই ফাঁকা বাড়িতে ঢোকে তারা। বাড়ি থাকা বিদেশি মদ নিয়েও পালায় চোরেরা।

চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ টাকারও বেশি বলে দাবি পরিবারের। এ ছাড়াও ওই পরিবারের পুত্রের পড়াশোনা সংক্রান্ত মূল্যবান নথি হাতানো হয়েছে। পাশপাশি ক্যামেরাও ভাঙা হয়েছে বলে অভিযোগ। মাত্র ৪০ মিনিটের মধ্যে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনার নেপথ্যে পরিচিত কারও যোগ রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

Theft Garia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy