দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ কোচবিহারের এক স্বর্ণব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কে বা কারা হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
কোচবিহারের মাথাভাঙার ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকার বাসিন্দা প্রকাশ সরকারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে নিজের সোনার দোকান বন্ধ করে প্রকাশ যখন বাড়ি ফিরছিলেন, তখন আচমকাই তাঁর পথ আটকায় কয়েক জন দুষ্কৃতী। অভিযোগ, পথ আটকে প্রকাশের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তারা। শুধু তা-ই নয়, তাঁকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে বলে অভিযোগ।
আহতের পরিবার সূত্রে খবর, প্রকাশের পেটে গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহত অবস্থাতেই কোনও রকমে বাড়িতে আসেন প্রকাশ। গোটা ঘটনা জানান পরিবারের সদস্যদের। তার পরেই তাঁকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁরা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে ওই স্বর্ণব্যবসায়ীর। প্রকাশের বাবা সুভাষ সরকার বলেন, ‘‘সোনা-রুপোর জিনিস নিয়ে দোকান থেকে ফিরছিল। সেই সময় প্রকাশের উপর হামলা হয়। মারধর করে ছিনতাই করে নিয়েছে জিনিসপত্র। বাইকে করে কয়েক জন পথ আটকায়।’’ কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনও ধারণা নেই সুভাষের।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মাথাভাঙার পুলিশ। সেই দলে ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোল। পরিবার সূত্রে দাবি, প্রকাশের কাছ থেকে সোনা এবং রুপোর গয়না ছিনতাই করেছে দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছিনতাইয়ের উদ্দেশে হামলা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।