রেললাইনে হাতির পাল, আর সেই লাইন দিয়েই এগিয়ে আসছে ট্রেন। মুহূর্তের ভুলে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। কিন্তু বনকর্মীর উপস্থিত বুদ্ধি ও তৎপরতা এবং ট্রেনের চালকদের সতর্কতায় রক্ষা পেল হাতির দল। সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিলেন কার্শিয়াং বন বিভাগের কর্মী আকাশ কেরকেট্টা।
জানা গিয়েছে, শনিবার বিকেল নাগাদ বাগডোগরা-নকশালবাড়ি রেলপথ পার হচ্ছিল এক দল হাতি। একই সময় ওই রেলপথ দিয়ে যাচ্ছিল সিকিম মহানন্দা এক্সপ্রেস। বনকর্মী আকাশ সেখানে উপস্থিত ছিলেন। ট্রেনটি না-থামালে হাতির পালের সঙ্গে সংঘর্ষ হতে পারে বুঝে দ্রুত পদক্ষেপ করেন তিনি। লাল কাপড় নেড়ে ট্রেনচালকদের সময়মতো সতর্ক করেন। সেই ইঙ্গিত লক্ষ করে ট্রেন থামান চালকেরা। নিরাপদে পার হয় হাতির পাল।
প্রতি বছরের মতো হাতিরা কার্শিয়াংয়ের জঙ্গলের দিকে যাত্রা শুরু করেছে! কার্শিয়াংয়ের জেলা বন আধিকারিকের (ডিএফও) নির্দেশে কুইক রেসপন্স টিম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। হাতিদের প্রথাগত যাত্রাপথে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যে কোনও পরিস্থিতির জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।