ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক পার্শ্বশিক্ষককে বেধড়ক মারধরের ঘটনা ঘটল ময়নাগুড়িতে। বিক্ষোভকারীদের হাত থেকে শিক্ষককে রক্ষা করে পুলিশ। পরে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির বার্নিশ এলাকায়। অভিযুক্ত সেখানকারই একটি হাই স্কুলে শিক্ষকতা করেন। তা ছাড়া গৃহশিক্ষকতা করেন তিনি।
স্কুল কর্তৃপক্ষের দাবি, যে স্থানে ওই ঘটনা ঘটছে বলে অভিযোগ, সেটা স্কুল চত্বর ছিল না। তাঁরা জানিয়েছেন, সম্প্রতি ময়নাগুড়ির বার্নিশ এলাকায় একটি টিউটোরিয়াল হোম খুলেছেন ওই গৃহশিক্ষক। অভিযোগ, বুধবার সন্ধ্যায় সেখানে পড়তে যাওয়া দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন ওই শিক্ষক।
আরও পড়ুন:
ছাত্রীর পরিবারের অভিযোগ, পড়ার বিষয়ে বোঝানোর কথা বলে তাদের মেয়েকে নিজের বাইকে বসিয়ে জলঢাকার দিকে গিয়েছিলেন শিক্ষক। সেখানেই ছাত্রীর শ্লীলতাহানি করেন তিনি। বৃহস্পতিবার স্কুলে গিয়ে পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে শিক্ষকদের কাছে অভিযোগ করে ছাত্রীটি। তার পরেই ওই খবর চাউর হয়ে যান।
অভিভাবকদের কয়েক জন স্কুলে চলে যান। তার পর স্কুল চত্বরেই অভিযুক্ত পার্শ্বশিক্ষকের উপর চড়াও হন গ্রামবাসীরা। কিল-ঘুষি মারা হয় অভিযুক্তকে। কোলাহল, চেঁচামেচিতে ক্লাস বন্ধ হয়ে যায়। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ যায় স্কুলে। তারা অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। শিক্ষককে পরে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন ধৃত। শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, অভিযোগ গুরুতর। তদন্ত চলছে।