পাকা রাস্তা তৈরির পর ফের একই রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ করে টেন্ডারের অভিযোগ ঘিরে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার বিরুদ্ধে সরব হয়েছে আরএসপি। শুক্রবার আরএসপির পক্ষ থেকে বালুরঘাটের মহকুমা শাসককে একাধিক রাস্তার তালিকা দিয়ে তদন্তের দাবি জানিয়েছে তারা। সেই সঙ্গে ওই ঘটনায় তৃণমূলের পুরবোর্ডের সঙ্গে বিজেপির একাংশের বিরুদ্ধে সমঝোতার দাবি করেছে বামেরা।
শনিবার আরএসপির জেলা সম্পাদক সুচেতা বিশ্বাস অভিযোগ করেন, ‘‘টেন্ডারে অনিয়মের তথ্য সামনে আসার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এ নিয়ে বিজেপির তরফে এখনও উচ্চবাচ্য নেই।’’ বেশ কিছু পাকা রাস্তাতৈরি হওয়ার পর ফের ওই রাস্তাগুলি তৈরি বাবদ অর্থ বরাদ্দ হয়েছে। নিয়ম মতো ওই রাস্তাগুলি বর্তমান টেন্ডার থেকে বাদ দিয়ে রি-টেন্ডার করতে হবে বলে দাবি তুলে শাসক দলের সঙ্গে তৃণমূল বোর্ডের সমঝোতার নালিশ করেন তিনি।
দু’দিন আগে তৃণমূলের পুরবোর্ডের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বালুরঘাটে বিক্ষোভ দেখায় বিজেপি। পুরবোর্ড ভেঙে দেওয়ার দাবি তুলে মহকুমা শাসককে স্মারকলিপি দেয়।পুরপ্রধান সুরজিৎ সাহা বলেন, ‘‘স্থানীয় বিজেপি নেতারা কী বলছেন, জানা নেই। রাজ্য সরকার আমাদের পূর্ণ সহযোগিতা করছে।’’ তৃণমূলের পুরবোর্ডের সঙ্গে সমঝোতার তথ্য খারিজ করে এ দিন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ‘‘আমরানির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার পক্ষে নই। কিন্তু পুরসভার অবৈধ কাজের বিরুদ্ধে আমরা চুপ করে বসে নেই।’’ কয়েক মাস পরবালুরঘাটে পুরভোট। আরএসপি তাই ওই সব অভিযোগ তুলে ঘোলা জলে মাছ ধরতে চাইছে বলে তিনি দাবি করেন।