আর্মেনিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ওপেন কাপে ক্যারাটেয় পুরুষদের ৬৫ কেজি বিভাগে রুপো পেলেন সীমান্ত শহর জয়গাঁর ছোটমেচিয়া বস্তির বাসিন্দা আশিস দর্জি। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া এলাকায়। সম্প্রতি আর্মেনিয়ায় আয়োজিত ওই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, রাশিয়া, জাপান-সহ মোট ১৮টি দেশের প্রতিযোগীরা যোগ দেন। ভারতের প্রতিনিধিত্ব করেন জয়গাঁর আশিস। ফাইনালে পৌঁছে কাজাখস্তানের প্রতিযোগীর বিরুদ্ধে খেলেন এবং শেষ পর্যন্ত রুপো জেতেন।
প্রতিযোগিতা শেষে মঙ্গলবার বাড়িতে ফিরতে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। স্থানীয় বাসিন্দারা পদযাত্রা করে বাড়ি পর্যন্ত নিয়ে যান। নিজের এই সাফল্যের কৃতিত্ব বাবা-মাকে উৎসর্গ করে আশিস বলেন, “এর আগে রাজ্যের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দিয়েছি। এ বার দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলাম। সেই লক্ষ্যেই প্রায় এক বছর আগে থেকে কঠোর অনুশীলন শুরু করি।” ভবিষ্যতে দেশের হয়ে স্বর্ণপদক জয়ের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। আশিসের সাফল্য সীমান্ত এলাকার বহু যুবক-যুবতীকে খেলাধূলার প্রতি আরও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়েরা।