Advertisement
E-Paper

প্রধান কে হবেন? বিজেপির দুই গোষ্ঠীর মারামারি, তিরবিদ্ধ মহিলাকর্মী! কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল দিনহাটায়

বৃহস্পতিবার ছিল কোচবিহারের দিনহাটার নাজিরহাট-২ অঞ্চলের সালমারা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। তা-ই নিয়ে বিজেপির দুই পক্ষের সংঘর্ষ বাধে। সেই সময় শান্তি তালুকদার নামে এক বিজেপি কর্মীকে তির ছোড়েন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৭
BJP internal clash

তিরবিদ্ধ বিজেপির মহিলা কর্মী! হামলাকারী তাঁর দলেরই বলে অভিযোগ। —নিজস্ব চিত্র।

গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল কোচবিহারের নাজিরহাটে। বিজেপির দুই পক্ষের সংঘর্ষে জখম হলেন একাধিক। তিরবিদ্ধ হলেন বিজেপির এক মহিলা কর্মী। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

বৃহস্পতিবার ছিল কোচবিহারের দিনহাটার নাজিরহাট-২ অঞ্চলের সালমারা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। তা-ই নিয়ে বিজেপির দুই পক্ষের সংঘর্ষ বাধে। সেই সময় শান্তি তালুকদার নামে এক বিজেপি কর্মীকে তির ছোড়েন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। শান্তির কোমরে তির লাগে। ওই ঘটনার পর উত্তেজনা বেড়ে যায় কয়েক গুণ। শাসকদলের দুই পক্ষের গন্ডগোলের মাঝে কয়েক জন শান্তিকে নিয়ে ছোটেন হাসপাতালে।

বিজেপির স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন, দলীয়ভাবে সিদ্ধান্ত ছিল পঞ্চায়েত প্রধান করা হবে যূথিকা বর্মনকে। বৃহস্পতিবার ওই পঞ্চায়েত সদস্য সমর্থকদের নিয়ে পঞ্চায়েত ভবনে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তরণীকান্ত বর্মন নামে এক বিজেপি নেতার নেতৃত্বে একদল লোক যূথিকাদের উপর হামলা চালান। সেই সময় জখম হন শান্তি।

স্থানীয় সূত্রে খবর, বিজেপির ৬ নম্বর মণ্ডল সভাপতি কৃষ্ণ বর্মন এবং বিজেপির জেলা কমিটির সদস্য তরণীকান্তের মধ্যে কোন্দলের কারণে এই গন্ডগোল। শেষমেশ পঞ্চায়েতের বোর্ড গঠন ভেস্তে গিয়েছে।

উল্লেখ্য, ওই পঞ্চায়েতে ১৩ সদস্য তৃণমূলের বিজেপি থেকে জয়ী হয়েছিলেন ৬ জন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রায় সমস্ত পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠন হচ্ছে। আগের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে সরিয়ে বিজেপি মনোনীত কেউ প্রধান হচ্ছেন। নাজিরহাতেও তা-ই হচ্ছিল। কিন্তু বিজেপিরই দুই পক্ষ একে অন্যকে তাড়া করে। একে অপরকে ঢিল ছোড়েন। গুলি চলারও অভিযোগ উঠেছে। যদিও পুলিশের তরফে তা নিশ্চিত করা হয়নি। অন্য দিকে, বিজেপি নেতা কৃষ্ণের অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা কয়েক জন গন্ডগোল করেছেন। তিনি বলেন, ‘‘কাকে প্রধান করা হবে, সেটা দলগত সিদ্ধান্ত। কিন্তু দলেরই কিছু লোক সিদ্ধান্ত মানছেন না। শৃঙ্খলার পরোয়া করছেন না। প্রত্যেকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে।’’ বিজেপির জেলা কমিটির সদস্য তরণী জানান, জেলা সভাপতির নির্দেশে তিনি অঞ্চল অফিসে গিয়েছিলেন। শান্তিপূর্ণ ভাবে বোর্ডগঠন হচ্ছিল। হঠাৎ বাইর থেকে লোকজন গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে।

অশান্তি রুখতে দিনহাটা মহাকুমা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে পঞ্চায়েত অফিসে। কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। দিনহাটা থানার পুলিশ সূত্রে খবর, অশান্তিতে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েক জনকে আটক করেছে তারা।

BJP Conflict BJP Clash Cooch Behar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy