বোন প্রেম করছে!
১৮ বছরের তরুণীর প্রণয়ঘটিত সম্পর্কের কথা জানতে পেরে তাঁকে খুন করেছেন দাদা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে। সুদূর অসম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আনল কোচবিহার জেলা পুলিশ।
তুফানগঞ্জের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকা থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়। শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারাই ওই দেহ দেখতে পান প্রথমে। যুবতীর মাথায় আঘাতের চিহ্ন ছিল। যা দেখে অনুমান করা হয়, ভারী কোনও বস্তুর আঘাতে মৃত্যু হয়েছে তাঁর। পরে পুলিশ সূত্রের মৃতার পরিচয় জানা যায়। তরুণীর নাম যমুনা দাস। বয়স ১৮ বছর। তুফানগঞ্জেই তাঁর বাড়ি। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, অন্যত্র খুন করে তরুণীর দেহ নির্জন জায়গা দেখে ফেলে গিয়েছেন খুনি বা খুনিরা। শুরু হয় মৃতার পরিবারের লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদের পর্ব। তার পরেই চাঞ্চল্যকর তথ্য মেলে। জানা যায়, খুনি স্বয়ং মৃতার দাদা। বোনের প্রণয়ঘটিত সম্পর্ক মানতে না পেরে তাঁকে খুন করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শুক্রবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন যমুনা এবং তাঁর দাদা বিপ্লব দাস। রাস্তায় ভাই-বোনের ঝগড়া হয়। সম্প্রতি বোনের প্রণয়ঘটিত সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছিল। বোনের প্রেমে বাধা দেন দাদা। তিনি নাকি বেশ কয়েক বার বোনকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাপ দেন। যমুনা রাজি হননি।
শুক্রবারও তাই হয়েছিল। অভিযোগ, কথা না শোনায় বোনের মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করেন বিপ্লব। তার পর তাঁকে সেখানে ফেলেই পালিয়ে যান।
শনিবার অসম সীমান্ত থেকে বিপ্লবকে পাকড়াও করেছে পুলিশ। রবিবার তাঁকে আদালতে হাজির করানো আদালত থেকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।