মালদহ জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি গঠনে ফের হস্তক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। সোমবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানি হয়। জানা গিয়েছে, ১০ দিনের মধ্যে সভাধিপতি, সহকারী সভাধিপতি গঠনের সময়সীমা বেঁধে দিয়ে জেলা ডিভিশনাল কমিশনারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। শান্তিপূর্ণ ভাবে বৈঠক যাতে হয়, সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেন তিনি।
প্রশাসনের দাবি, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি গঠনের প্রক্রিয়া চলছে এবং দ্রুত তারিখ ঘোষণা করা হবে। রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ এবং সহকারী সভাধিপতি আবু তৈয়ব রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা আনে দলেরই সদস্যদের একাংশ। গত ১৬ অগস্ট তলবি সভা ডেকে সভাধিপতি, সহকারী সভাধিপতিকে অপসারণ করা হয়। তবে এখনও সভাধিপতি, সহকারী সভাধিপতি গঠনের তারিখ ঘোষণা করেনি প্রশাসন।
ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের বিক্ষুব্ধ জেলা পরিষদ সদস্যেরা।