কলাগাছ কাটা নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তির ঘটনা ঘটল ধূপগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায়। এই ঘটনায় সিপিএম নেতা নির্মাল্য ভট্টাচার্য, তাঁর স্ত্রী পর্ণাসী বসাক এবং তাঁর কাকা পার্থপ্রতিম ভট্টাচার্য-সহ মোট চার জন জখম হয়েছেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে পার্থপ্রতিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী অশ্রু দে ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। হামলার ঘটনায় তিন জনকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের সীমানা বরাবর থাকা একটি কলাগাছের ডালপালা ও পাতা প্রতিবেশীর বাড়ির সীমানার মধ্যে চলে যাওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। অভিযোগ, ওই গাছটি কেটে ফেলার জন্য বারবার বলা হলেও তা করা হয়নি। এরপর নিজেদের সীমানার মধ্যে চলে আসা কলাগাছের পাতা কেটে ফেলেন নির্মাল্যের পরিবারের সদস্যেরা।
এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই রবিবার দুই পরিবারের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, একপর্যায়ে পাথর নিয়ে হামলা চালানো হয়। তাতেই নির্মাল্যের চোখে গুরুতর আঘাত লাগে। তাঁর স্ত্রী পর্ণাসী, কাকা পার্থপ্রতিম এবং পরিবারের আরও এক সদস্য আহত হন বলে অভিযোগ।
আক্রান্ত পরিবারের দাবি, কলাগাছ কাটা নিয়ে বিবাদের জেরে অশ্রুর পরিবারের সদস্যরা তাঁদের উপর হামলা চালান। ঘটনায় অশ্রু, শুভ্র ও তাঁদের বাবা শঙ্করের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
যদিও পাল্টা অভিযোগ তুলেছে শঙ্করের পরিবারও। দাবি, তাঁদের পরিবারের এক মহিলা-সহ দু’জনকেও মারধর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনায় অশ্রু, শুভ্র এবং শঙ্করকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।