ফের টাকা উদ্ধার রাজ্যে। বীরভূমের পর এ বার মালদহে। রবিবার রাতে মালদহ থানা এলাকার মঙ্গলবাড়িতে অভিযানে নামে পুলিশ। সেখানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। টাকা গোনার তিনটি যন্ত্রের সাহায্যে সোমবার ভোর পর্যন্ত চলে হিসেবনিকেশ। বাজেয়াপ্ত হয় মোট ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। প্রায় ২০ গ্রাম সোনা ও একটি ল্যাপটপও উদ্ধার হয়েছে।
পাশাপাশি মালদহের খইহট্টা এলাকার একটি গুদামঘরেও হানা দেন তদন্তকারীরা। ভোর ৪টে পর্যন্ত সেখানে তল্লাশি চলে। বাজেয়াপ্ত হয় ৯,০০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। রবিবার রাতের অভিযানে মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পিন্টু সরকার,গোপাল চাকি এবং সুশান্ত হালদার। তিন জনেরই বাড়ি মালদহ থানা এলাকাতেই।
গত মাসে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। বাজেয়াপ্ত হয় প্রায় ১৫০০ বোতল কাশির সিরাপ। সেই সূত্র ধরেই রবিবার পুলিশ হানা দেয় মালদহের এই ফ্ল্যাটে। মালদহ পুলিশের সঙ্গে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশও।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে কাশির সিরাপ উদ্ধারের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জেরা করেই মালদহের এই ফ্ল্যাটের খোঁজ পান তদন্তকারীরা। সেইমতো ধৃত চার জনকে নিয়েই মালদহের এই ফ্ল্যাটটিতে হানা দেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটবাড়ির মালিক দিলীপ সাহা। ভবনের তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পিন্টু সরকার। সেই ফ্ল্যাট থেকে এই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, রাত ৮টার কিছু আগে মালদহের ওই ফ্ল্যাটে হানা দেন তদন্তকারীরা। সূত্রের খবর, পিন্টুর ওষুধের ব্যবসা রয়েছে। তবে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের ঘটনার সঙ্গে তাঁর নির্দিষ্ট ভাবে কী যোগসূত্র রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি বীরভূমে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কোটি টাকা। পাওয়া গিয়েছে ১৫ কেজি সোনা। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কোটি কোটি টাকার খোঁজ মিলল রাজ্যে। মালদহের ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট।
রাজ্যে নিষিদ্ধ কাশির সিরাপের চোরা কারবারের অভিযোগ দীর্ঘদিনের। আগেও বিভিন্ন সময়ে ফেনসিডিলের মতো নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে। পাচারকারীদের গ্রেফতারির খবরও প্রকাশ্যে এসেছে। তবে নিষিদ্ধ কাশির সিরাপের কারবারের সূত্র ধরে এমন কোটি কোটি টাকা উদ্ধারের খবর সাম্প্রতিক অতীতে এই প্রথম।