আপাতত ভারী বৃষ্টির সতর্কতা জানিয়ে রাখল আবহাওয়া দফতর। শুক্রবার সকালেই আগামী তিন দিনের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলেও জানানো হয়েছে। এ দিকে বৃহস্পতিবারও রাত থেকে বৃষ্টি চলেছে উত্তরবঙ্গে। কোথাও বিক্ষিপ্ত ভাবে কোথাও মুষুলধারে বৃষ্টি হয়েছে। বিঘ্ন ঘটেছে পাহাড়ের স্বাভাবিক যাতায়াত। ছোট-ছোট ধসও নেমেছে। পাহাড়ে বিপর্যয় পরিস্থিতির মোকাবিলা নিয়ে এ দিন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বৈঠক করেন বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব রাজেশ সিংহ। দার্জিলিং এবং কালিম্পং জেলাশাসক, প্রশাসনের আধিকারিকেরা ওই বৈঠকে ছিলেন। বর্ষার এই সময় হাই অ্যালার্ট থাকতে বলা হয়েছে। ভারী বৃষ্টির জেরে মহানন্দা, বালাসনের মতো নদীতে জল বেড়েছে।
শিলিগুড়ি থেকে কালিম্পং তথা সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ধস বিধ্বস্ত ২০ মাইল এলাকায় একটি ট্রাক কাদার মধ্যে আটকে রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধসের জেরে গত বৃহস্পতিবার রাত থেকে ট্রাকটি ২০ মাইলের বরদাং এলাকায় কাদার মধ্যে ফেঁসে রয়েছে। তাতে এই রাস্তায় সিকিমগামী যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। ঘুরপথে ৭১৭ এ জাতীয় সড়ক হয়ে গ্যাংটকে যাতায়াত করতে হচ্ছে গাড়িগুলিকে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান গঙ্গানগর থেকে উত্তরপ্রদেশ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের আধিকারিক দেবপ্রিয় রায় বলেন, ‘‘শুক্র, শনি এবং রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পুর্বাভাস রয়েছে। সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।’’