শহরে প্রতিদিনই দ্রুতগতিতে বাইক চলার অভিযোগ উঠছে। তার জেরে দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ। রাস্তা পারাপার করতে গিয়ে আশঙ্কায় থাকতে হয়। দ্রুত গতিতে আসা গাড়ি ডিভাইডারে ধাক্কা মারার ঘটনাও ঘটছে। দুর্ঘটনায় পড়ছে ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক, বাস। কয়েক মাসে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এলাকায়। এ বার ইসলামপুর শহরের উপর দিয়ে যাওয়া রাজ্য সড়কে যানবাহনের গতি কমাতে স্পিড ব্রেকার বসানোর সিদ্ধান্ত হয়েছে। পূর্ত দফতরের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসলামপুর শহরের আশ্রমপাড়া, চৌরঙ্গী মোড়, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বসানো হয়েছে স্পিড ব্রেকার।
ইসলামপুরের পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভবতোষ দাস বলেন ‘‘রাতের বেলায় গাড়ির চালকদের ঘুমে চোখ লেগে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। এই ব্যবস্থায় দুর্ঘটনা এড়ানো যাবে। গাড়ির গতিও কমবে।’’
ইসলামপুর শহরের বাইপাস চালু হবার পর থেকে ইসলামপুরের শহরের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কটির পূর্ত দফতরের অধীনে চলে যায়। সড়কটি সংস্কার করে জায়গায় জায়গায় বসানো হয় ডিভাইডার। কিন্তু সেই ডিভাইডারের দুর্ঘটনা লেগেই থাকে বলে অভিযোগ। স্পিড ব্রেকার বসানোয় দুর্ঘটনার আশঙ্কা অনেকটা কমবে বলে মনে করছে ট্র্যাফিক পুলিশ।