Advertisement
E-Paper

পশ্চিম সিকিমে ধস! পাহাড়ের ঢাল বেয়ে নামছে কাদামাটির স্রোত, গতিপথ গ্রামের দিকে ঘুরতে থাকায় ছড়িয়েছে আতঙ্ক

স্থানীয়দের অভিযোগ, ধসের জেরে এলাকার যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়েছে। ঝুঁকি নিয়েই কাদামাটি ঢাকা রাস্তা দিয়ে চলাচল করছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫০
সিকিমে পাহাড়ের গা বেয়ে নামছে কাদামাটির স্রোত।

সিকিমে পাহাড়ের গা বেয়ে নামছে কাদামাটির স্রোত। — নিজস্ব চিত্র।

টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে ও সিকিমে। এ বার ধস নামল পশ্চিম সিকিমে। ইয়ুকসোম-তাশিডিং বিধানসভা এলাকার রিম্বি গ্রামে নতুন করে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। কাদা, পাথর, মাটি-জলের স্রোত পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে। সেই ধসের গতিপথ ক্রমশ রিম্বি গ্রামের দিকে ঘুরে গিয়েছে। বেশ কয়েকটি বসতবাড়ি ধসে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গ, সিকিমে এখনই থামছে না বৃষ্টি। তাতেই উদ্বেগ বেড়েছে প্রশাসন এবং স্থানীয়দের। পাহাড়ের ঢালে মাটি এখনও নড়াচড়া করছে। তাই স্থানীয়দের আশঙ্কা, যে কোনও সময় আরও বড় ধস নামতে পারে। এ ভাবে বৃষ্টি চললে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ধসের পথে থাকা বেশ কয়েকটি বাড়ি ধুলোয় মিশে যেতে পারে। ইতিমধ্যেই কয়েক জন বাসিন্দা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি থেকে সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন।

স্থানীয়দের অভিযোগ, ধসের জেরে এলাকার যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়েছে। ঝুঁকি নিয়েই কাদামাটি ঢাকা রাস্তা দিয়ে চলাচল করছেন তাঁরা। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি আরও বাড়লে মাটি আলগা হয়ে ধসের পরিমাণ এবং গতি দুটোই বাড়তে পারে। বাসিন্দাদের সতর্ক হতে বলা হয়েছে।

সেপ্টেম্বরের শুরু ধস নামে উত্তর সিকিমে নাগা অভয়ারণ্যের থেং টানেল সংলগ্ন এলাকায়। অবরুদ্ধ হয়ে পড়ে চেকুং নদীর একাংশ। তিস্তার উপনদী চেকুঙের পাথরের চাঁই আর মাটি আছড়ে পড়ে স্বাভাবিক জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার ফলে লোকালয়গুলিতে আতঙ্ক ছড়ায়। সেখান থেকে ঘোলা, কাদাজল গড়াতে থাকে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy