রাতের অন্ধকারে নির্জন রাস্তার পাশে চা-বাগানের ধারে একটি বাছুরকে ঘাড় কামড়ে টেনে নিয়ে যায় চিতাবাঘ। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চুয়াপাড়া ও রাধারানি চা-বাগানের মাঝামাঝি এলাকার বলে জানা গিয়েছে। চিতাবাঘের হামলার ভিডিয়ো প্রকাশ্য এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। সেই সময় রাস্তার পাশে চা-বাগানের ধারে তাঁর নজরে পড়ে চিতাবাঘটি। বাছুরটির গলায় কামড় বসিয়ে সেটিকে টেনে নিয়ে যাচ্ছিল চিতাবাঘটি।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই চিতাবাঘের উপস্থিতি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ভিডিয়োর সূত্র ধরে খোঁজখবর শুরু করেছে বন দফতর। চা-বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘের গতিবিধি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।